আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

E. C. : রাজ্যে প্রথম দফার নির্বাচনের জন্য কতজন মনোনয়ন জমা দিলেন ? কি জানা যাচ্ছে কমিশন সূত্রে ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পশ্চিমবঙ্গে আগামী ২৩শে এপ্রিল প্রথম দফায় বিধানসভার ভোটগ্রহণ রয়েছে । প্রথম দফার মনোনয়নের শেষ তারিখ ছিল ৬ এপ্রিল । প্রথম দফায় রাজ্যের ১৫২ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফায় মনোনয়ন জমা দিয়েছেন ১৫৮৬ জন প্রার্থী ।

কমিশনের দেওয়া তথ্য বলছে, প্রথম দফায় যে ১৫২টি আসনে ভোট হবে সেই আসনগুলিতে গত ২০২১ বিধানসভা ভোটে মোট ১০৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারে সেই সংখ্যাটা ১৫৮৬ । যা গতবারের থেকে ৫২৪ জন বেশি। মঙ্গলবার সকালে কমিশনের তরফে একটি তালিকা দেওয়া হয়েছে। যেখানে প্রথম দফায় কোন আসনে কত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সেই তথ্য রয়েছে। শুধু তাই নয়, সোমবার পর্যন্ত কতগুলি মনোনয়ন জমা পড়েছে সেই তথ্যও দেওয়া হয়েছে। তথ্য বলছে, উত্তর দিনাজপুরে করণদিঘিতে মনোনয়ন সবথেকে বেশি জমা পড়েছে। এরপরেই রয়েছে মেখলিগঞ্জ, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙা, ধূপগুড়ি-সহ আরও বেশ কয়েকটি জায়গা। অন্যদিকে বাঁকুড়ার শালতোড়া, চন্দ্রকোনা এবং এগরায় যথাক্রমে ছ’জন করে প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। প্রথম দফায় এই ১৫২টি আসনের জন্য মোট ২৩০৪টি মনোনয়ন জমা পড়েছে। এ প্রসঙ্গে কমিশনের দাবি, অনেক ক্ষেত্রেই একজন প্রার্থী অতিরিক্ত মনোনয়ন দাখিল করে থাকেন। যদিও তা খতিয়ে দেখা হচ্ছে বলেই দাবি নির্বাচন কমিশনের। তবে কোনও প্রার্থী চাইলে আগামী ৯ এপ্রিল তাঁদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ২৩ শে এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট রয়েছে। শান্তিপূর্ণ ভোট করাতে এবার বদ্ধপরিকর নির্বাচন কমিশন। অশান্তি এড়াতে মোতায়েন করা হচ্ছে ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যা গতবারের তুলনায় অনেকটাই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *