আজকের দিনেতিলোত্তমা

হোর্ডিংয়ের ভিড়ে ঢাকছে সল্টলেক-সহ কলকাতার ট্রাফিক সিগন্যাল, হাইকোর্টে মামলা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব বাংলায়। কিন্তু রাজনৈতিক প্রচারের দাপটে জেরবার শহরবাসী। সল্টলেক থেকে শুরু করে গোটা কলকাতার মোড়ে মোড়ে রাজনৈতিক হোর্ডিংয়ের দাপটে কার্যত ঢেকে গিয়েছে ট্রাফিক সিগন্যাল। এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী কুণাল চক্রবর্তী।

 মামলকারীর অভিযোগ, মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বড় বড় লোহার ফ্রেমে হোর্ডিং আটকানোর ফলে লাল-হলুদ-সবুজের সংকেত বুঝতে সমস্যায় পড়ছেন গাড়ি চালকরা। এর ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। শুধু রাস্তা নয়, সাধারণ মানুষের বাড়ির জানলা-দরজাও ঢেকে দিয়েছে এই সব হোর্ডিং। ফলে প্রকৃতির আলো-বাতাস থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারীর আইনজীবী দীপ্তাংশু কর জানান, “বিধাননগর ও কলকাতায় যত্রতত্র বেআইনি বিজ্ঞাপন নিয়ে আগেও মামলা হয়েছিল। আদালত খোলার নির্দেশ দিলেও পরিস্থিতির বদল হয়নি। কোনও টেন্ডার বা অনুমতি ছাড়াই এই হোর্ডিংগুলি টাঙানো হয়েছে। এমনকি বাড়ির মালিকদের অনুমতিও নেওয়া হয়নি।”

মামলায় আরও দাবি করা হয়েছে যে, নির্বাচনের সুযোগ নিয়ে এই সব জায়গায় রাজনৈতিক হোর্ডিং বসানো হলেও, ভোট মিটে গেলে কৌশলে সেখানে বাণিজ্যিক বিজ্ঞাপন বসিয়ে দেওয়া হয়। এর নেপথ্যে কোনও বড়সড় আর্থিক যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এখন দেখার, আগামী সপ্তাহে শুনানির পর কলকাতা হাইকোর্ট এই ‘হোর্ডিং-রাজ’ বন্ধে কী কড়া নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *