আজকের দিনেবাংলার আয়না

​প্রেমিকের একাধিক সম্পর্ক, অপমানে আত্মঘাতী কিশোরী!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কল্যাণী: প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং প্রেমিকের অপমানের জেরে এক নাবালিকা কিশোরীর আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কল্যাণী পুরসভার চাঁদামারি এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে রবীন্দ্রনগর এলাকায় নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বর্ষা মণ্ডল নামে ওই কিশোরী। ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক সৌরভ হালদার পলাতক।

​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর মুরাতিপুর এলাকার বাসিন্দা সৌরভ হালদারের সঙ্গে গত দু-বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বর্ষার। কিন্তু সম্প্রতি বর্ষা জানতে পারে যে, সৌরভ শুধুমাত্র তার সঙ্গেই নয়, আরও একাধিক কিশোরী ও যুবতীর সঙ্গে সম্পর্কে লিপ্ত। এই প্রতারণার কথা জানতে পেরে বর্ষা সৌরভের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। ​পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি মেলায় বর্ষার সঙ্গে সৌরভের দেখা হয়। সেখানে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল কি না তা স্পষ্ট নয়, তবে অভিযোগ উঠেছে যে রাত সাড়ে এগারোটা নাগাদ সৌরভ সরাসরি বর্ষার বাড়িতে চড়াও হয়। সেই সময় বর্ষার বাবা-মা বাড়িতে ছিলেন না। বর্ষার পরিবারের সদস্যদের অভিযোগ, সৌরভ বাড়িতে এসে বর্ষাকে অত্যন্ত কুরুচিকর ভাষায় গালিগালাজ করে। তাকে লক্ষ্য করে নানারকম হুমকি দেওয়া হয়। এই অপমানের সময় বাড়িতে উপস্থিত বর্ষার জেঠুর মেয়েরা বিষয়টি লক্ষ্য করেছিলেন।

​অপমান সহ্য করতে না পেরে বর্ষা পাশের ঘরে ঘুমানোর কথা বলে চলে যায়। কিছুক্ষণ পর ঘরের দরজার ফাঁক দিয়ে পরিবারের সদস্যরা বর্ষাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাঁকে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতার মা জানান, ​”সৌরভের সঙ্গে মেয়ের সম্পর্ক ছিল। কিন্তু সে অন্য মেয়েদের সঙ্গেও মিশত। বর্ষা সরে আসতে চাইলেই ও বাড়িতে এসে হুমকি আর গালিগালাজ করে। আমি ওই ছেলের কড়া শাস্তি চাই যাতে আর কোনো মেয়ের জীবন এভাবে শেষ না হয়।”
​কল্যাণী থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েন এবং বাড়ি বয়ে এসে অপমানের জেরেই নাবালিকা এই চরম পথ বেছে নিয়েছে। অভিযুক্ত সৌরভ হালদারের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *