ভোটের আগে ফের কালীগঞ্জে সকেট বোমা উদ্ধার
কিউ ইন্ডিয়া বাংলা :- উপনির্বাচনে বোমার আঘাতে ছোট্ট তামান্নার মৃত্যুর স্মৃতি এখনও তাজা। তার মধ্যেই ফের কালীগঞ্জে বিপুল পরিমাণ শক্তিশালী সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আতঙ্কিত সাধারণ মানুষ, আতঙ্কে তামান্নার পরিবারও।
সোমবার সকালে কালীগঞ্জের মোলান্দি দক্ষিণপাড়া এলাকায় একটি পেয়ারা বাগানের পাশে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় মীরা ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। পরে শিয়ালখেলা এলাকার একটি সরিষা জমির পাশের বাগান থেকে আরও তিনটি সকেট বোমা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট পাঁচটি সকেট বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কে বা কারা বোমাগুলি সেখানে রেখে গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
এলাকার বাসিন্দা আব্দুস সামাদ বলেন, “কেন এভাবে বোমা রাখা হল, কারা রাখল কিছুই স্পষ্ট নয়। এতে পুরনো আতঙ্ক আবার ফিরে আসছে।”
তামান্নার মা-ও শঙ্কিত। তাঁর কথায়, “বোমার কথা শুনলেই সেই ভোটের দিনের কথা মনে পড়ে। যে বোমায় আমার তামান্নার প্রাণ গেল।” প্রশাসনের কাছে তাঁর আবেদন, দ্রুত ব্যবস্থা নিয়ে যাতে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করা হয়। এই ঘটনায় এলাকায় টহলদারি বাড়িয়েছে পুলিশ। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
