জমি বিবাদে কাকাকে ছুরিকাঘাত ভাইপোর
কিউ ইন্ডিয়া বাংলা :- জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ শেষ পর্যন্ত প্রাণ কাড়ল একজনের। রবিবার রাতে গোয়ালপোখর (১) ব্লকের সাহাপুর (২) পঞ্চায়েতের শ্রীপুর বাজার এলাকায় পারিবারিক সংঘর্ষে ভাইপোর ছুরিকাঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। নিহতের নাম সুজিত রায়, তিনি শ্রীপুর বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একই পরিবারের দুই ভাই কমল রায় ও অধীর রায়ের মধ্যে প্রায় তিন শতক জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। রবিবার রাতে বাড়ির উঠোনে সেই বিবাদ ফের তীব্র আকার নেয়। অভিযোগ, বচসা চরমে ওঠার মধ্যেই অধীর রায়ের ছেলে অপূর্ব রায় ধারালো অস্ত্র দিয়ে কাকা সুজিত রায়ের পেটে সজোরে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজিতের। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রীপুর বাজার এলাকা থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে শুরু হয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি। কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ভাইপো অপূর্ব রায়-সহ অধীর রায় ও তাঁর আর এক ছেলে অভয় রায়কে গ্রেপ্তার করা হয়।
ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা জানান, খুনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। জমি বিবাদকে কেন্দ্র করেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
