আজকের দিনেতিলোত্তমা

বিরোধী নেতাদের নিরাপত্তা রাজ্যের দায়িত্ব, কড়া নির্দেশ হাইকোর্টের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিরোধী দলের নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে, স্পষ্ট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস সুজয় পালের বেঞ্চ এদিন স্পষ্টতই জানিয়ে দেয়, বিরোধী দলের কোনও নেতার ওপর যাতে হামলার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা রাজ্যের সাংবিধানিক দায়িত্ব। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় আদালত।

উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই পুরুলিয়ায় একটি জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। শুভেন্দুর দাবি, রাতে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী বাঁশ ও লাঠি হাতে তাঁর কনভয়ের ওপর চড়াও হয়। গাড়ির কাচে লাঠি দিয়ে আঘাত করা হয়, যার জেরে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষও বাধে। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারী।

শুধু এই ঘটনাই নয়, সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক জায়গায় বিরোধী দলের নেতৃত্ব আক্রান্ত হয়েছেন বলে আদালতে জানানো হয়। উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে মারাত্মক হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর চোখের নীচের হাড় ভেঙে যায় এবং দীর্ঘদিন দিল্লির এইমসে চিকিৎসাধীন থাকতে হয় তাঁকে। আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও।

এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই বিরোধী দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট জানিয়ে দেয়, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক জনপ্রতিনিধির নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকারেরই দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের কোনও হামলার ঘটনা ঘটলে রাজ্যকেই তার দায় নিতে হবে এমনই কড়া বার্তা আদালতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *