মঞ্চে যৌন হেনস্তার শিকার মৌনী রায়, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ শুভশ্রীর
কিউ ইন্ডিয়া বাংলা :- বছর কাটছে, তবু নারীদের প্রতি হেনস্তার ঘটনা থামছে না। সম্প্রতি ভরা মঞ্চে মৌনী রায়ের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্তার ঘটনা এ কথাই আরও স্পষ্ট করে দিয়েছে। এই ঘটনায় সোশাল মিডিয়ায় গর্জে উঠেছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
শুভশ্রী ইনস্টা স্টোরিতে লিখেছেন, “নতুন বছর এসেছে, ২০২৬ সালেও নারীদের হেনস্তা বন্ধ হয়নি। কেউ কোন অবস্থানে আছেন, তার কিছু যায় আসে না। মৌনী, তুমি শক্তিশালী। তোমার সঙ্গে যা ঘটেছে, তা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল মহিলার হয়ে প্রতিবাদ করেছো। শক্ত থাকো। ভালোবাসা।”
মৌনী রায় নিজেও ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, কার্নালের একটি অনুষ্ঠানে দুই কাকুর বয়সি পুরুষের আচরণে তিনি বিরক্ত হন। মঞ্চে যাওয়ার সময় তারা তাঁর সঙ্গে ছবি তুলতে গিয়ে কোমরে হাত দেন। তিনি তা বন্ধ করার চেষ্টা করলে তারা গোলাপের পাঁপড়ি ছোঁড়ে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে।
মৌনী লিখেছেন, “প্রথমে আমি ভদ্রভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। বিরক্ত হয়ে অনুষ্ঠান মাঝপথে মঞ্চ থেকে বেরিয়ে আসি, তারপর আবার ফিরে আসি। তখন তাদের অসভ্য আচরণ বন্ধ হয়। তবে আমি লজ্জিত ও আতঙ্কিত। চাই কর্তৃপক্ষ ব্যবস্থা নিক।”
এখনও ওই দু’জনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
