আজকের দিনেবাংলার আয়না

Food Safety : পুজোর আগে চাঞ্চল্য হুগলিতে, খাদ্য সুরক্ষা অভিযানে ৯৩% জায়গাতেই বেনিয়ম !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- পুজোর মুখে হুগলি জেলা প্রশাসনের খাদ্য সুরক্ষা অভিযানে উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য। জেলায় যেখানেই অভিযান চালানো হয়েছে, সেখানেই ধরা পড়েছে বিধি না মানার ছবি। খারাপ খাবার বিক্রি রুখতে এবার হেল্পলাইন নম্বর ও মেল আইডি চালু করল প্রশাসন।(Food Safety)

সাংবাদিক বৈঠকে জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, জেলাজুড়ে মোট ২৭০টি জায়গায় অভিযান চালানো হয়। তার মধ্যে ২৫১টি জায়গাতেই মিলেছে অনিয়মের প্রমাণ, যা শতাংশের হিসাবে ৯২.৯৬%। অভিযানে ১৩ লক্ষ ৮২ হাজার টাকার খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১,১৩,৪৩৮ টাকার খাবার নষ্ট করা হয়েছে।

প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৯টি ইউনিটের ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, ২৮টি ইউনিটের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ৩ জনের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।(Food Safety)

জেলাশাসক বলেন, পুজোর সময় জেলাজুড়ে বহু অস্থায়ী খাবারের স্টল বসে। সেই সব স্টলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আগামী দিনেও এই অভিযান চলবে।

সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন, তার জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ১৮০০১১২১০০ এবং ই-মেল আইডি *foodfafetywb@gmail.com।

পুজোর আগে জেলা প্রশাসনের এই কড়া পদক্ষেপে নড়েচড়ে বসেছেন খাদ্য ব্যবসায়ীরা। প্রশাসনের স্পষ্ট বার্তা, খারাপ খাবার বিক্রি করলে এবার আর রেহাই নেই।(Food Safety)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *