WB-Election 2026 : ভবানীপুরে অবৈধভাবে তৈরি করা হয়েছে বিজেপির অফিস, কমিশনে নালিশ তৃণমূলের !
কিউ ইন্ডিয়া বাংলা :- ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি । রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর এখানে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে । এই কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শাসক দল তৃণমূলের । ভবানীপুরের ২৩ বি অরফানগ্যঞ্জে জোর করে পার্টি অফিস করেছেন শুভেন্দু, রীতিমত প্রমাণ সহকারে কমিশনের নালিশ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, যে জমিতে অফিস হচ্ছে সেখানে ২০২৫ সালের ৮ ই অক্টোবর নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করেছে কলকাতা পুরসভা। এত মাস পর সেই নির্দেশ অমান্য করে নির্মাণ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আলিপুর থানায় কলকাতা পুরসভা অভিযোগও জানিয়েছে ।কমিশনকে দেওয়া চিঠিতে সুব্রত বক্সি জানিয়েছেন, “দুই লরি ভর্তি বাঁশ ও নির্মাণ সামগ্রী নিয়ে জোর করে জমিতে কাজ হচ্ছে। আইন মেনে নির্মাণকাজে বাধা দিতে পুলিশ সেখানে গেলে বিরোধী দলনেতা পুলিশকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিয়েছেন।” পুলিশের আপত্তি উপেক্ষা করে ঘটনাস্থলে এসে তীব্র ভাষায় শুভেন্দু তাঁদের আক্রমণ করেছেন বলে অভিযোগ।
শুধু এখানে শেষ নয়, ভোট মিটলে পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের হুমকিও তিনি দিয়েছেন বলে অভিযোগ। কমিশনকে দেওয়া দু’পাতা চিঠিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির দাবি, ভবানীপুরের পুরসভার নিষেধাজ্ঞা জারি করা ওই এলাকায় অবিলম্বে বিজেপি প্রার্থীর নির্মাণকাজ বন্ধ করতে হবে এবং নির্বাচনী বিধি মেনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। যদিও বিজেপি তৃণমূলের রাজ্য সভাপতির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
