AGNIMITRA PAUL : অন্নপূর্ণা-বিক্ষোভে বৈঠক ফেলে উঠে আসতে বাধ্য হলেন মন্ত্রী অগ্নিমিত্রা! টাকা না পেয়ে রাজ্যজুড়ে মহিলাদের ক্ষোভ
কিউ ইন্ডিয়া বাংলা, পশ্চিম মেদিনীপুর :- শুভেন্দু অধিকারী সরকারের ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়াকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তাল থাকল রাজ্য। পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দফতরে বৈঠক চলাকালীন বিক্ষোভের মুখে পড়ে মাঝপথে বৈঠক ছেড়ে উঠে আসতে বাধ্য হলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (AGNIMITRA PAUL) । একই দাবিতে উত্তর ২৪ পরগনার বিরাটিতে রেল অবরোধ এবং কলকাতাতেও বিক্ষোভ দেখান মহিলারা।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে গিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (AGNIMITRA PAUL) । জেলাশাসকের অফিসে ঢোকার আগেই একদফা প্রশ্নের মুখে পড়েন তিনি। এরপর বৈঠক চলাকালীন জেলাশাসকের দফতরের নীচতলায় ঢুকে পড়েন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়া বহু মহিলা। পরিস্থিতি সামাল দিতে দুপুর আড়াইটেয় পূর্বনির্ধারিত বৈঠক বন্ধ করে নীচে নেমে আসতে হয় মন্ত্রীকে। ঘটনাস্থলে যান জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং স্থানীয় বিধায়ক শঙ্কর গুছাইতও।
বিক্ষোভকারীদের উদ্দেশে মন্ত্রী (AGNIMITRA PAUL) বলেন, “একটু সময় দিন। সবে তো ১০০ দিন হয়েছে।” উত্তেজিত মহিলাদের শান্ত করে তিনি বলেন, “আস্তে কথা বলুন। তা হলেই শুনতে পাব।” তিনি জানান, সমাধান চান বলেই তিনি বৈঠক ছেড়ে উঠে এসেছেন।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, টাকার জন্য তাঁদের এই অফিস থেকে ওই অফিসে ছোটানো হচ্ছে। এসডিও অফিসে গেলে পুরসভায় পাঠানো হচ্ছে, পুরসভায় গেলে আবার এসডিও অফিসে যেতে বলা হচ্ছে। এর জবাবে মন্ত্রী তাঁদের এসডিও এবং বিডিও অফিসে নাম, ফোন নম্বর ও এনরোলমেন্ট নম্বর জমা দিতে বলেন এবং ভেরিফিকেশনে কেন নাম বাদ গিয়েছে তা খতিয়ে দেখার জন্য জেলাশাসককে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন।
এদিন শুধু মেদিনীপুরই নয়, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিরাটিতে রেললাইন অবরোধ করেন মহিলারা, যার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। পাশাপাশি খাস কলকাতাতেও দেখা যায় বিক্ষোভের ছবি।
মন্ত্রীর (AGNIMITRA PAUL) আশ্বাসে শেষ পর্যন্ত জেলাশাসকের অফিস থেকে বিক্ষোভ তুলে নেন মহিলারা। তবে প্রশাসনের তরফে এখনও স্পষ্ট করা হয়নি, কবে থেকে তাঁরা বকেয়া টাকা পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জেলায় জেলায় বাড়তে থাকা এই ক্ষোভ কিভাবে সামাল দেয় প্রশাসন, সেটাই এখন দেখার।
