আজকের দিনেবাংলার আয়না

AMIT SHAH : পাহাড়ের স্থায়ী সমাধান খুঁজতে শিলিগুড়িতে অমিত শাহের বিশেষ বৈঠক, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- তিন দিনের বঙ্গ সফরে শিলিগুড়িতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AMIT SHAH) । ইতিমধ্যেই দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক বৈঠক করেছেন এবং এসএসবির বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছেন তিনি। আজ তার তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যার মধ্যে অন্যতম হলো পাহাড় সমস্যার স্থায়ী সমাধান নিয়ে বৈঠক।

সূত্রের খবর, পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতেই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে (AMIT SHAH) । এই বৈঠকে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল, যেমন গোর্খা জনমুক্তি মোর্চা, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সহ অন্যান্য আঞ্চলিক দলগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের। দীর্ঘদিন ধরে পাহাড়ে পৃথক রাজ্যের দাবি এবং জিটিএ নিয়ে যে জটিলতা চলছে, তার একটি স্থায়ী রাজনৈতিক সমাধানসূত্র বের করাই এই বৈঠকের মূল লক্ষ্য।

এছাড়াও এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও দুটি বিশেষ বৈঠক রয়েছে (AMIT SHAH) । মূলত অত্যন্ত স্পর্শকাতর চিকেন নেক করিডরের সুরক্ষাকে সামনে রেখেই এই বৈঠকগুলি হবে বলে জানা গিয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযোগকারী এই ২২ কিলোমিটার চওড়া করিডরের নিরাপত্তা দেশের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠকে সীমান্ত সুরক্ষা বাহিনী, সেনা এবং রাজ্য পুলিশের সমন্বয়ে কীভাবে নিরাপত্তা আরও আঁটসাঁট করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সব মিলিয়ে পাহাড়ের শান্তি ফেরানো এবং সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (AMIT SHAH) এই বৈঠকগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বৈঠক থেকে কী সমাধানসূত্র বেরিয়ে আসে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে পাহাড়বাসী থেকে শুরু করে সমগ্র উত্তরবঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *