উদ্বোধনের অপেক্ষায় বর্ধমান রোডের ফ্লাইওভার, সফল ট্রায়াল রান শিলিগুড়িতে
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য খুলে যাচ্ছে শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার। উদ্বোধনের আগে সোমবার ফ্লাইওভারের ট্রায়াল রান সম্পন্ন করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ২০ মে উত্তরবঙ্গ সফরে এসে ফ্লাইওভারের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আনুষ্ঠানিক উদ্বোধনের আগে যান চলাচলের উপযোগিতা ও ট্রাফিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই ট্রায়াল রান। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজার নির্দেশে সোমবার ফ্লাইওভার পরিদর্শন করেন ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসিপি, পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ার এবং ট্রাফিক বিভাগের আধিকারিকরা। ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখে কোথায় ট্রাফিক সিগন্যাল বসানো হবে এবং কোথায় রাস্তা ডাইভার্ট করা সম্ভব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শনের পর ছোট গাড়ি থেকে শুরু করে বড় যানবাহন পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে চালিয়ে ট্রায়াল রান করা হয়। এর মাধ্যমে ফ্লাইওভারের কার্যকারিতা এবং যান চলাচলের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ জানান, ফ্লাইওভার পরিদর্শনের বিস্তারিত রিপোর্ট তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। তার ভিত্তিতেই কবে ফ্লাইওভারটি চালু করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর শংকর ঘোষ এই ফ্লাইওভার দ্রুত চালুর বিষয়ে পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের পরই ট্রায়াল রান সম্পন্ন হল। সূত্রের খবর, আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিনই তাঁর হাত ধরে ফ্লাইওভারের উদ্বোধন হতে পারে। উল্লেখ্য, পূর্ববর্তী সরকারের আমলেই এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়েছিল।
দীর্ঘ প্রতীক্ষার পর বর্ধমান রোডের ফ্লাইওভার চালু হলে শিলিগুড়ি শহরের যানজট অনেকটাই কমবে বলে আশা স্থানীয়দের। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা।
