পুরীর জগন্নাথ মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি
কিউ ইন্ডিয়া বাংলা :- সোশাল মিডিয়ায় পুরীর জগন্নাথ মন্দিরে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি শুরু হলেও কোথাও কোনও বিস্ফোরক মেলেনি। তদন্তে জানা যায়, এক মহিলার নাম ব্যবহার করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই হুমকি পোস্ট করা হয়েছিল। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুরী থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে সাইবার থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবারের ওই পোস্টে মন্দিরের পাশাপাশি বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার উপর হামলার হুমকিও ছিল। বিষয়টি নজরে আসতেই সাংসদ পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ ও সাইবার টিম যৌথভাবে তদন্ত চালাচ্ছে। আপাতত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে পুলিশ; ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি আশ্বস্ত করা হয়েছে।
