Cinematic-Style Robbery : যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে খাস কলকাতায় ফিল্মি কায়দায় ডাকাতি, গ্রেপ্তার ৩ !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- যাত্রী সেজে অনলাইনে ক্যাব বুক। তারপর চলন্ত গাড়িতেই পিস্তল ঠেকিয়ে লুঠ। মঙ্গলবার গভীর রাতে তিলজলা রোডে ক্যাব চালকের সঙ্গে এমনই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ দেখে বৃহস্পতিবার নারায়ণপুর থেকে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কড়েয়া থানার পুলিশ।(Cinematic-Style Robbery )
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রাহুল সর্দার, মহম্মদ তাবরেজ ও তৌসিফ আলি। মঙ্গলবার রাতে বারাসত থেকে কলকাতা আসার জন্য অনলাইনে ক্যাব বুক করেন তাঁরা।
অভিযোগ, গাড়িতে ওঠার পরই এক আরোহী পকেট থেকে পিস্তল বের করে চালকের মাথায় ঠেকায়। অন্যরা গলার চেন, আংটি খুলে নেয়। চলন্ত গাড়িতেই জোর করে টাকা আদায়ের চেষ্টা করে। এমনকী চালককে বাড়িতে ফোন করে টাকা পাঠাতে বাধ্য করারও চেষ্টা হয়।(Cinematic-Style Robbery )
ঘটনাটি ঘটে তিলজলা রোডে। এর মধ্যেই ‘শাপে বর’ হয়। বুধবার ভোরে মাঝপথে গাড়ি খারাপ হয়ে যায়। চালক জানালা খুলে চিৎকার শুরু করতেই তিনজন গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপরই কড়েয়া থানায় অভিযোগ দায়ের হয়।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে বৃহস্পতিবার উত্তর শহরতলির নারায়ণপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে। লুঠ হওয়া টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা চলছে।(Cinematic-Style Robbery )
খাস কলকাতায় এভাবে ক্যাব চালককে নিশানা করায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্র আরও কোনও ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
