আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Municipal Elections : পুনর্বিন্যাসে কলকাতায় ২০৯ ওয়ার্ড, হাওড়ায় ৬৮! নভেম্বরের পুরভোটের আগেই বদলাচ্ছে গঙ্গার দুই পাড়ের মানচিত্র !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুরভোটের আগে বড় ঘোষণা রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড ভেঙে তৈরি হচ্ছে ২০৯টি ওয়ার্ড। একইসঙ্গে ৮ বছর পর ভোটের মুখে থাকা হাওড়া পুরনিগমে ৫০টি ওয়ার্ডের বদলে হচ্ছে ৬৮টি ওয়ার্ড। মঙ্গলবার এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা।

প্রাথমিকভাবে প্রতি ওয়ার্ডে ১৬ হাজার ভোটার রাখার লক্ষ্য নিয়ে ২০০টি ওয়ার্ড করার কথা ঘোষণা হয়েছিল। কিন্তু সীমানা পুনর্বিন্যাসের কাজ করতে গিয়ে প্রশাসনিক জটিলতা দেখা দেয়। ফলে নির্ধারিত ৩১ জুলাইয়ের মধ্যে তালিকা প্রকাশ করা যায়নি। পাঁচ দিন পর ২০৯টি ওয়ার্ডের চূড়ান্ত মানচিত্র পুর ও নগরোন্নয়ন দপ্তরে জমা পড়ে। সূত্রের খবর, ওয়ার্ড বাড়লেও কলকাতায় ১৬টি বরোই বহাল থাকছে।

এবার এই নয়া তালিকার ভিত্তিতে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক ডেকে ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা ও তফসিলি সংরক্ষণ চিহ্নিত করবে। কমিশনের পরিকল্পনা, পুজোর আগেই গোটা প্রক্রিয়া শেষ করা।

অন্যদিকে হাওড়াতেও শেষ হয়েছে ৬৮টি নতুন ওয়ার্ডের মানচিত্র তৈরির কাজ। দীর্ঘদিন প্রতিনিধি না থাকায় হাওড়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ।

আগামী ১২ আগস্ট বিধানসভার একদিনের বিশেষ বর্ষাকালীন অধিবেশনে কলকাতা ও হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত সংশোধনী বিল পেশ করে পাস করাবে রাজ্যের পুর দপ্তর। নবান্ন সূত্রে খবর, নভেম্বরের শেষে কলকাতা-হাওড়া সহ রাজ্যের যে সমস্ত পুরসভায় প্রশাসক রয়েছে, সেখানেও একসঙ্গে ভোট করানো হতে পারে।

ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর প্রভাব পড়বে ভোটের রাজনীতিতেও। ডিলিমিটেশনের পর নতুন সমীকরণে কে কতটা লাভবান হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। নভেম্বরের পুরভোটের আগে গঙ্গার দুই পাড়ের এই বদলই এখন রাজ্যের সবচেয়ে বড় চর্চার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *