মোমোর লোভে পরিবারের ৮৫ লক্ষ টাকার গয়না দিল এক ছাত্র
কিউ ইন্ডিয়া বাংলা:- মোমো খাবারটি আমাদের সকলের কাছেই প্রিয়, কিন্তু মোমো খেতে গেলে আমরা কত টাকা খরচ করব খুব দামি রেস্তোরাঁ হলে ২০০ থেকে ৩০০ টাকা। কিন্তু আমাদেরই দেশে একটি জায়গায় মোমো খেতে গিয়ে ৮৫ লক্ষ টাকার গয়না দিয়ে আসলো সপ্তম শ্রেণীর একটি ছাত্র ।
অভিনব প্রতারণার এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় । ওই ছাত্রটির বাবা বিমলেশ মিশ্র একজন মন্দিরের পুরোহিত । তিনি জানান তার ছেলে মোমো খেতে খুবই ভালোবাসে । আর মোমোর প্রতি তার ছেলের এই আসক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় এক মোমো বিক্রেতা কৌশলে তার পরিবারের গয়না হাতিয়ে নেয় । বাচ্চাটিকে প্রলোভন দেখানো হয় যে পরিবারের গয়না নিয়ে আসলে বিনামূল্যে তাকে মোমো খেতে দেওয়া হবে। এবার সে প্রত্যেকদিন বাড়ি থেকে গয়না নিয়ে ওই বিক্রেতাকে দিয়ে বিনামূল্যে এসে মোমো খেয়ে যেত । এমন করে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চলতে থাকে । প্রতিদিন গয়না দিতে দিতে মোট গয়নার বাজার মূল্য দাঁড়ায় প্রায় ৮৫ লক্ষ টাকা।
হঠাৎ একদিন ওই পরিবারের সদস্যরা আলমারি খুলে দেখতে পান যে তাদের বাড়ির গয়না উধাও। এবং সবার কাছে জিজ্ঞাসা করার পর ওই ছেলেটি জানায় , মোমো খেতে গিয়ে সে ওই গয়নাগুলি দিয়ে এসেছে।
ঘটনাটি জানা মাত্রই তৎক্ষণাৎ স্থানীয় থানায় যান ছেলেটির বাবা বিমলেশ মিশ্র। তিনজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এবং ওই পরিবারকে আশ্বাস দিয়েছে তারা দ্রুত এই গয়নাগুলি উদ্ধার করার চেষ্টা করবে ।
