চড়া গরমে নাজেহাল শহর, আজ বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির ইঙ্গিত
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- অস্বস্তিকর গরম অব্যাহত। ঘেমেনেয়ে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এরই মধ্যে খুশির খবর শোনালো আবহাওয়া দপ্তর। আজ সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দিনের বেলায় গরমের দাপট থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে।কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। সর্বোচ্চ আর্দ্রতা ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির এক বা দুই জায়গায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টি হতে পারে। দিনের প্রথম দিকে রোদের তেজ এবং ভ্যাপসা গরম বজায় থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেরই আবহাওয়ার এই পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং,আলিপুরদুয়ার জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু গরমের দাপট পুরোপুরি না কমলেও সোমবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়-বৃষ্টির কারণে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে।
