আজকের দিনেসিলেবাস থেকে

স্নাতক ভর্তি ২০২৬: ভর্তির নিরিখে এগিয়ে কোন জেলা ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়ায় ছাত্রছাত্রী ভর্তির সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগনার কলেজগুলি সবার উপরে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে কলকাতার কলেজগুলিকে কেন্দ্র করেই উচ্চশিক্ষার প্রধান আকর্ষণ থাকলেও এবার জেলার কলেজগুলির প্রতি পড়ুয়াদের আগ্রহ স্পষ্টভাবে বেড়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনার কলেজগুলি সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থীকে আকৃষ্ট করেছে।

অনলাইন ভর্তি পোর্টালের মাধ্যমে প্রথম দফায় প্রায় সওয়া তিন লক্ষ শিক্ষার্থী বিভিন্ন কলেজে ভর্তি হয়েছেন। শনিবার থেকে তাঁদের নথি যাচাইয়ের কাজ শুরু হয়েছে যা আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে। এরপর ৬ জুলাই থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা। যদিও প্রথম দফায় পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর ভর্তি বাতিল করেছেন। উচ্চশিক্ষা দপ্তরের মতে, অনেকে পছন্দের বিষয় বা কলেজ না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন আবার কেউ কেউ রাজ্য জয়েন্ট প্রবেশিকায় সুযোগ পাওয়ায় সাধারণ ডিগ্রি কলেজের ভর্তি ছেড়ে দিয়েছেন।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে উত্তর ২৪ পরগনা (পৌনে ৩৪ হাজার পড়ুয়া) শীর্ষে রয়েছে। কলকাতা (৩৩ হাজার পড়ুয়া) দ্বিতীয় স্থানে থাকলেও ব্যবধান খুব বেশি নয়। দক্ষিণ ২৪ পরগনা (৪৬ টি কলেজে সওয়া ২৮ হাজার পড়ুয়া), মুর্শিদাবাদ (২৫ হাজার পড়ুয়া) এবং নদিয়াতেও (২৪ হাজার পড়ুয়া) বেশ কিছু সংখ্যক পড়ুয়া ভর্তি হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম ভর্তি হয়েছে কালিম্পং (৪০০-র কাছাকাছি পড়ুয়া) জেলায়। ঝাড়গ্রামেও ভর্তির সংখ্যা তুলনামূলকভাবে কম।

বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারে ৭৯ হাজার ছাত্রছাত্রী ভর্তি হয়ে,আবারও নিজের প্রভাব বজায় রেখেছে। চারটি জেলাজুড়ে বিস্তৃত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এরপর রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় (৪৯ হাজারের কাছাকাছি), বর্ধমান বিশ্ববিদ্যালয় (৪১ হাজারের বেশি) এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় (৩২ হাজার)। তবে আশ্চর্যের বিষয়, বিশ্ববিদ্যালয় হিসেবে কলকাতা এগিয়ে থাকলেও ভর্তির সংখ্যার বিচারে কলকাতা শহরের কোনও একক কলেজ প্রথম পাঁচের তালিকায় জায়গা করে নিতে পারেনি।

এবারের শীর্ষ পাঁচ কলেজের তালিকায় রয়েছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, দক্ষিণ বারাসতের ধ্রুবচাঁদ হালদার কলেজ, বহরমপুরের কেএন কলেজ, উলুবেড়িয়া কলেজ এবং জিয়াগঞ্জের শ্রীপৎ সিংহ কলেজ। এই তালিকা স্পষ্ট করে দিচ্ছে যে জেলার কলেজগুলির প্রতি পড়ুয়াদের আস্থা এবং আকর্ষণ ক্রমশ বাড়ছে। তবে কলকাতার অন্যতম পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, তাঁদের কলেজেও প্রথম দফায় গত কয়েক বছরের তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন,ফলে শহরের কলেজগুলিতে আগ্রহ কমে যায়নি বরং জেলার কলেজগুলির জনপ্রিয়তা আরও দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রতিযোগিতা অনেক বেশি তীব্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *