আজকের দিনেখেলাবিশ্ব

FIFA Worldcup 2026 : এশিয়ার দাপট অব্যাহত, দু’বার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সঙ্গে ড্র জাপানের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপে ফের এশিয়ার মান রাখল জাপান। ভারতীয় সময় রবিবার গভীর রাতে ডালাস স্টেডিয়ামে শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ২-২ ড্র করল জাপান। গোলকিপার জিওন সুজুকির দুরন্ত পারফরম্যান্সে ভর করে নক-আউটের আশা জিইয়ে রাখল এশিয়ার অন্যতম সেরা দলটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে জাপান বনাম নেদারল্যান্ডস লড়াই। ৫১ মিনিটে ভার্জিল ভ্যান ডিকের গোলে এগিয়ে যায় ডাচরা। ছয় মিনিটের মধ্যেই কেইটো নাকামুরার গোলে সমতায় ফেরে জাপান। ৬৪ মিনিটে ক্রিসেনসিও সামারভিল ফের এগিয়ে দেন নেদারল্যান্ডসকে। মনে হচ্ছিল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে ডাচরা। কিন্তু ৮৯ মিনিটে দাইচি কামাদার গোলে ফের সমতা ফেরায় জাপান। দুই দলই আকর্ষণীয় ফুটবল উপহার দেয়।

চলতি বিশ্বকাপে গ্রুপ এফ-এ জাপান ও নেদারল্যান্ডস ছাড়াও আছে সুইডেন ও টিউনিশিয়া। খাতায়-কলমে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল নেদারল্যান্ডস। তাই প্রথম ম্যাচেই ডাচদের রুখে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল জাপান। পরের দুই ম্যাচের মধ্যে একটিতে জিতলেই নক-আউট নিশ্চিত।

এবারের বিশ্বকাপে এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে চিহ্নিত জাপান। প্রথম ম্যাচেই প্রত্যাশার চাপ সামলে দারুণ লড়াই দেখাল তারা।

ডাচদের বিরুদ্ধে ম্যাচের নায়ক গোলকিপার জিওন সুজুকি। একাধিকবার নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে ভরসা দেন তিনি। সুজুকির জন্যই দু’বার পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যেতে পারে জাপান।

জাপানের পাশাপাশি দক্ষিণ কোরিয়াও প্রথম ম্যাচে জয় পেয়েছে। বিশ্বকাপের গত কয়েকটি সংস্করণের মতো এবারও এশিয়ার মান রাখছে এই দুই দল। পরের ম্যাচগুলিতেও এই লড়াই ধরে রাখতে পারলে এশিয়ার ফুটবলকে নতুন করে গর্বিত করবে জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *