STF-ISI : তপসিয়ায় লুকিয়ে ছিল আইএসআই সন্দেহভাজন, বনগাঁ সীমান্ত থেকে পাক নাগরিক গ্রেপ্তার করল এসটিএফ !
কিউ ইন্ডিয়া বাংলা, বনগাঁ :- রাজ্যে ফের জঙ্গি যোগের সন্দেহ। বেঙ্গল এসটিএফের জালে আরও এক পাকিস্তান নাগরিক। ধৃতের নাম রানা রাউফ ওরফে ওয়াহাব। কলকাতার তপসিয়ায় মাসের পর মাস ঘাঁটি গেড়ে ছিল সে। ভুয়ো আধার-ভোটার কার্ড বানিয়ে বাংলায় থাকছিল বলেই অভিযোগ। মঙ্গলবার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের দাবি, ধৃত রানা রাউফ আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত। পাকিস্তানের এই যুবককে ধরতে হামিম মণ্ডলকে জেরা করেই সূত্র পায় এসটিএফ। দিন কয়েক আগেই পূর্ব বর্ধমান থেকে জইশ ই মহম্মদের সদস্য হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল। সে হাওড়ার পিলখানা এলাকায় থাকত। অভিযোগ, একাধিক নেতার গতিবিধির উপর নজর রাখার কাজ করছিল হামিম।
হামিমকে হেফাজতে নিয়েই রানা রাউফের খোঁজ মেলে। তপসিয়ায় সে ভাড়া বাড়িতে থাকছিল। ভারতে থাকার জন্য নকল আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়েছিল। কলকাতার এক ব্যক্তি তাকে এই জাল নথি করে দিয়েছে বলে জানা গিয়েছে। সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে এসটিএফ।
বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তারের পর রানা রাউফকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। রাজ্যে আইএসআই-এর নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কয়েকদিনের ব্যবধানে দুটি বড় গ্রেপ্তার। হামিমের পর রানা। তপসিয়া থেকে বনগাঁ, শহর থেকে সীমান্ত — সব জায়গাতেই নজরদারি বাড়িয়েছে এসটিএফ। রাজ্যে জঙ্গি যোগ নিয়ে ফের একবার উদ্বেগ বাড়ল প্রশাসনের।
