Nandi Bike : নন্দী’র পিঠে চেপে কানওয়ার যাত্রা ! ভাইরাল শিবের পবিত্র বাহনের আদলের বাইক !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শ্রাবণ মাস। গঙ্গাজল নিয়ে শিবধামের পথে পুণ্যার্থীদের ঢল। তারই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত দৃশ্য। নন্দীর পিঠে চেপে কানওয়ার যাত্রা! ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের। যদিও ভালো করে দেখলে বোঝা যায়, আসলে সেটি শিবের পবিত্র বাহনের আদলে সাজানো এক বাইক।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুগল ‘নন্দী বাইকে’ চেপে চলেছেন। একঝলকে মনে হচ্ছে সত্যিই শিবের বাহনের পিঠেই চেপেছেন তাঁরা। নন্দীর মুখ, শিং, শরীরের আদল সবই ফুটিয়ে তোলা হয়েছে বাইকের উপরে। এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘ভারত মোটেও নবিশদের জায়গা নয়।’ ভিডিওটির সত্যতা কিউ ইন্ডিয়া বাংলা যাচাই করেনি। গত ৩০ জুলাই থেকে শুরু হয়েছে এই বছরের পবিত্র কানওয়ার যাত্রা। যা শেষ হয়েছে মঙ্গলবারে।
গঙ্গোত্রী, গোমুখ, সুলতানগঞ্জ এবং হরিদ্বারে প্রতি বছরই কোটি কোটি শিবভক্তের সমাগম হয় গঙ্গাজল সংগ্রহ করতে। এবারও তার ব্যতিক্রম হয়নি, নেমেছে পুণ্যার্থীদের ঢল। এই যাত্রার মাঝেই ভাইরাল হয়েছে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা যশবীরের ভিডিও। মা ও মাসিকে দুই কাঁধে তুলে নিয়ে ১৫ কেজির বিশাল বাঁক নিয়ে শিবধামের উদ্দেশে হাঁটছেন তিনি।
যশবীরের বার্তা, বাবা-মাকে ভালোবাসুন, তাঁদের শ্রদ্ধা ও সেবা করুন। হিন্দু বিশ্বাসে নন্দী হলেন শিবের পবিত্র ষাঁড় এবং কৈলাসের প্রধান দ্বাররক্ষক। সংস্কৃতে এর অর্থ ‘আনন্দ’। শিবলিঙ্গের সামনে সবসময় নন্দীর মূর্তি দেখা যায়। তাঁকে ভক্ত ও ঈশ্বরের মাঝে একাগ্রতার প্রতীক মনে করা হয়।
ভক্তি, উদ্ভাবন আর সোশাল মিডিয়া মিলে কানওয়ার যাত্রাকে এবার নতুন মাত্রা দিল। নন্দী বাইক থেকে শুরু করে কাঁধে বাঁক নিয়ে হাঁটা, সব ভিডিওই প্রমাণ করছে ভক্তির প্রকাশের কোনো শেষ নেই। শ্রাবণের শেষে এই ভাইরাল ভিডিওগুলোই এখন নেটদুনিয়ার চর্চার বিষয়।
