Dona-Sourav : শুরু হল ‘দাদা’র শুটিং, বেহালায় ফিরল সৌরভ-ডোনার শৈশব !
কিউ ইন্ডিয়া বাংলা :- অবশেষে শুরু হল বাঙালির মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-র শুটিং। সোমবার ভোর থেকে বেহালার বীরেন রায় রোডের পৈতৃক বাড়িতে আবেগে ভাসল গোটা কলকাতা।
দীর্ঘ অপেক্ষার পর সোমবার, ২৫ মে ভোর পাঁচটা থেকে বেহালার বীরেন রায় রোডে শুরু হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’-র শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির পরিচালনায় প্রথম দিনের শুটিংয়ে উঠে এল সৌরভ-ডোনার স্কুলজীবনের প্রেমকাহিনি। সাদা স্কুল ড্রেসে কিশোর সৌরভ আর পাশের বাড়ির বারান্দায় দুদিকে বিনুনি বাঁধা ডোনার দৃশ্যে নস্টালজিয়ায় ভাসলেন উপস্থিত সবাই।
শুটিং সেটে লাল পাড় সাদা শাড়ি আর বড় লাল টিপে দেখা গেল অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন। সূত্রের খবর, সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার থেকে শুটিংয়ে যোগ দিতে পারেন তিনি।
বায়োপিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করতে পারেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি। কিশোর সৌরভের ভূমিকায় কে থাকছেন, তাও এখনও অজানা।
প্রথমে দুর্গাপুজোর একটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। তা বাতিল হওয়ায় সৌরভের বাড়িতেই শুরু হয় শুটিং। নয়ের দশকের আবহ ফোটাতে রাখা হয়েছে নকল সবজির গাড়ি, চায়ের দোকান। আগামী দিনে ইডেন গার্ডেন্স সহ কলকাতার একাধিক জায়গায় হবে শুটিং।
সৌরভের আগে ভারতীয় ক্রিকেটে বায়োপিক হয়েছে একাধিক তারকার। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় সুশান্ত সিং রাজপুত, ‘অ্যাজহার’-এ মহম্মদ আজহারউদ্দিন হয়েছিলেন ইমরান হাশমি, ‘শাবাশ মিঠু’-তে মিতালি রাজের চরিত্রে তাপসী পান্নু এবং ‘৮৩’-তে কপিল দেবের ভূমিকায় রণবীর সিং অভিনয় করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ‘দাদা’। সৌরভের বর্ণময় ক্রিকেট জীবন ও ব্যক্তিগত জীবন বড় পর্দায় কেমন ফুটে ওঠে, এখন সেটাই দেখার অপেক্ষা।
