আজকের দিনেতিলোত্তমা

Lifeless Bodies : সল্টলেকে বিছানায় পড়ে দম্পতির নিথর দেহ ! আত্মহত্যা নাকি খুন? তুমুল চাঞ্চল্য !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বৃহস্পতিবার সকালে সল্টলেকের এক ব্লকে নিজেদের বাড়ি থেকে উদ্ধার হল এক দম্পতির নিথর দেহ। মৃতরা সজল কুমার কুণ্ডু (৬৪) ও তাঁর স্ত্রী রঞ্জনা কুণ্ডু (৬১)। অসুস্থতা ও অবসাদের জেরে আত্মঘাতী, নাকি অন্য কোনও কারণ? তদন্তে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন রঞ্জনা দেবী। স্বামী সজলবাবুও অসুস্থ ছিলেন। এই কারণে দুজনেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবারের দাবি।

বুধবার সজলবাবুর ছেলে ও বউমা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই রাতে বাড়িতে ছিলেন শুধু ওই দম্পতি। বৃহস্পতিবার সকালে ছেলে একাধিকবার ফোন করেও সাড়া না পেয়ে প্রতিবেশী ও বিধাননগর উত্তর থানার পুলিশকে খবর দেন।

পুলিশ এসে দরজা ভেঙে ঘরের বিছানা থেকে দুজনের দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অসুস্থতার কারণে অবসাদগ্রস্ত হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন তাঁরা। বাড়ি ফাঁকা থাকার সুযোগেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। দেহ দুটি ময়নাতদন্তের জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

সল্টলেকের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থতা ও অবসাদের কারণেই এই চরম সিদ্ধান্ত কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *