Sundarban : সুন্দরবন পুলিশের প্রাক্তন SP কোটেশ্বর রাও সাসপেন্ড, কাকদ্বীপে লাড্ডু বিলি করে বিজয় উৎসব !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সুন্দরবন পুলিশ জেলার প্রাক্তন পুলিশ সুপার IPS কোটেশ্বর রাওকে সাসপেন্ড করার ঘোষণার পরেই উৎসবের মেজাজ কাকদ্বীপে। সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাকদ্বীপের সূর্যনগরে লাড্ডু বিলি করে “বিজয় উৎসব” পালন করলেন বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষ। 2025 সালের কালী মন্দির ভাঙচুরের ঘটনায় পুলিশি ভূমিকার প্রতিবাদেই এই উল্লাস বলে দাবি তাদের।
ঘটনার সূত্রপাত 2025 সালের 20 অক্টোবর। কাকদ্বীপের সূর্যনগরের কালী মন্দিরে কালিমাতার মূর্তির মুন্ডু ভেঙে দেয় একদল দুষ্কৃতী। এরপর সনাতনীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদে খিরিশতলা এলাকার 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন হিন্দু মহিলা-পুরুষরা। অভিযোগ, সেই সময় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
স্থানীয়দের অভিযোগ, তৎকালীন SP কোটেশ্বর রাওয়ের নির্দেশেই আন্দোলনকারীদের গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলা হয়। “চোর-ডাকাতদের মতো আচরণ করা হয়েছিল” – এমনটাই দাবি বিক্ষোভকারীদের। এই ঘটনায় “আধ্যাত্মিক পবিত্রতা নষ্ট হয়েছে” বলে ক্ষোভ ছিল এলাকায়।
রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী কোটেশ্বর রাওয়ের সাসপেনশনের ঘোষণা দিতেই কাকদ্বীপের মানুষ রাস্তায় নামেন। সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পোস্টার-ব্যানার লাগিয়ে লাড্ডু বিলি করা হয়। কারগিল বিজয় উৎসবের আদলে পালিত হয় এই “বিজয় উৎসব”।
প্রাক্তন SP-এর সাসপেনশনকে এলাকার মানুষ “অন্যায়ের প্রতিবাদে জয়ের প্রতীক” হিসেবে দেখছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
