Nabanna :নবান্নে আজ নিটে রাজ্যের সেরা ১০০-কে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী, রাজ্যে এই প্রথমবার !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস ও ‘আরশোলা’দের আন্দোলনের আবহেই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। নিট-ইউজি উত্তীর্ণ রাজ্যের প্রথম ১০ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেবে রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে উপস্থিত থেকে তাঁদের সংবর্ধিত করবেন।
আজ, ২৮শে জুলাই মঙ্গলবার নবান্ন সভাঘরে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য শিক্ষা দপ্তর ইতিমধ্যেই বাংলার এবারের প্রথম ১০০ জন কৃতীর তালিকা তৈরি করে স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, এতদিন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও রাজ্য জয়েন্টে কৃতীদের সংবর্ধনার প্রচলন থাকলেও নিটের মতো সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকায় রাজ্যের কৃতীদের সরকারিভাবে সংবর্ধনা দেওয়ার নজির আগে ছিল না। এবারই প্রথম এই উদ্যোগ।
নবান্ন সূত্রে খবর, কৃতী পড়ুয়াদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত। তবে এই ঘোষণা এমন সময় এল যখন নিটের প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। গত শুক্রবার কলকাতাতেও ‘আরশোলা’দের আন্দোলন হয়, যেখানে হিংসা ও সাংবাদিক নিগ্রহের অভিযোগ ওঠে। সেই ঘটনায় ধরপাকড়ও চলছে।
রাজনৈতিক বিতর্ক ও আন্দোলনের মাঝে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যের মেধাবী মুখগুলিকে সামনে এনে ইতিবাচক বার্তা দিতেই এই উদ্যোগ, এমনটাই মনে করা হচ্ছে নবান্নের তরফে।
