আজকের দিনেভারত

NSG Chief : প্রয়াত দেশের প্রথম এনএসজি প্রধান আর টি নাগরাণি, ‘অপারেশন ব্ল্যাক থান্ডার’-এর নেতৃত্বে ছিলেন তিনি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দেশের প্রথম এনএসজি প্রধান আর টি নাগরাণি আর নেই। রবিবার দিল্লির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বর্ণমন্দির থেকে সশস্ত্র জঙ্গিদের হঠাতে ‘অপারেশন ব্ল্যাক থান্ডার-১’ এর সফল নেতৃত্ব দিয়ে ইতিহাসে নাম লিখিয়েছিলেন এই প্রাক্তন আইপিএস অফিসার।

১৯৫১ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস ছিলেন নাগরাণি। ১৯৮৪ সালের ১৭ আগস্ট থেকে ১৯৮৬ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এনএসজি অর্থাৎ ‘ব্ল্যাক ক্যাটস’ কমান্ডো বাহিনীর প্রথম প্রধান হিসেবে দায়িত্ব সামলান।

সরকারি নথি অনুযায়ী, ১৯৮৬ সালের ৩০ এপ্রিল রাতে স্বর্ণমন্দির চত্বরে শুরু হওয়া ‘অপারেশন ব্ল্যাক থান্ডার-১’ এর নেতৃত্বে ছিলেন তিনিই। অভিযানে সৈন্যরা স্বর্ণমন্দিরের পবিত্রতা রক্ষায় খালি পায়ে ও মাথা ঢেকে প্রবেশ করেন। এই অভিযানে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। ১২ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছিল।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এনএসজির বর্তমান প্রধান বৃগু শ্রীনিবাসন। তিনি বলেন, “উনি এমন এক অনন্য বাহিনী গড়ে তুলেছিলেন যা বিশ্বজুড়ে অতুলনীয়। উনি মূল্যবোধ ও আদর্শের সেই ভিত্তিপ্রস্তর গড়ে দিয়েছেন যার উপর আমাদের এই সর্বোচ্চ অভিজাত বাহিনী দাঁড়িয়ে রয়েছে।”
এনএসজির অফিসিয়াল এক্স হ্যান্ডেলেও শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পোস্টে বলা হয়, ‘দূরদর্শিতা, পেশাদারিত্ব ও অবিচল নিষ্ঠার সঙ্গে এনএসজি-র ভিত্তি স্থাপন করেছিলেন তিনি।’

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নাগরাণি। মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

‘ব্ল্যাক ক্যাটস’ এর জন্মলগ্নের কারিগরকে হারিয়ে শোকস্তব্ধ গোটা নিরাপত্তা বাহিনী। তাঁর দেখানো পথ ও আদর্শই আজও এনএসজির শক্তির মূল ভিত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *