Accident : টোটো-বাইক সংঘর্ষে উল্টে গেল টোটো, মৃত দেড় মাসের শিশু,বনগাঁয় বেপরোয়া টোটো নিয়ে ক্ষোভ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- বনগাঁয় বেপরোয়া টোটো চলাচলের জেরে ফের প্রাণ গেল এক শিশুর। রবিবার কালিতলা মাঝেরপাড়া এলাকায় টোটো ও বাইকের সংঘর্ষে উল্টে গিয়ে মৃত্যু হয় দেড় মাসের এক কন্যা সন্তানের। ঘটনায় গভীর শোক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনমজুর রাম ঘোষের দেড় মাস বয়সী মেয়ে বৃষ্টির দু’দিন ধরে জ্বর ছিল। রবিবার মা পূজা ঘোষ তাকে ডাক্তার দেখিয়ে টোটোয় করে রামনগর রোড ধরে বাড়ি ফিরছিলেন। ব্যাংক সংলগ্ন মোড়ে পৌঁছতেই আচমকা টোটোটি ডান দিকে ঘুরে গলি রাস্তায় ঢুকতে যায়। সেই সময় বেড়ি গোপালপুরের দিক থেকে আসা একটি বাইক সজোরে টোটোকে ধাক্কা মারে।
ধাক্কার জেরে টোটো উল্টে যায়। টোটো থেকে ছিটকে পড়েন মা ও শিশু। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ টোটো ও বাইক দুটিকেই আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেপরোয়া টোটো চলাচলের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনা ঘটছে। একাধিক বেনিয়ম থাকা সত্ত্বেও কোনও নিয়ন্ত্রণ নেই।
একের পর এক দুর্ঘটনায় বনগাঁর রাস্তায় টোটো নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসনের কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
