Rekha Gupta : লখনউয়ের অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কোচিং সেন্টারগুলি নিয়ে বড় পদক্ষেপ দিল্লির মুখ্যমন্ত্রীর !
কিউ ইন্ডিয়া বাংলা- লখনউয়ের কোচিং সেন্টারে পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যু থেকে শিক্ষা নিয়ে এবার বড়সড় পদক্ষেপ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। এবার কোচিং সেন্টারগুলিকে অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার জন্য এক মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। যেসব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক অডিট বা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকবে, সেগুলোর বিরুদ্ধে সিল করে দেওয়া-সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের অনিরাপদ কেন্দ্রগুলোর বিষয়ে অভিযোগ জানাতে উৎসাহিত করা হচ্ছে এবং প্রতিটি অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি লখনউয়ের আলিগঞ্জ এলাকায় তিনতলায় একটি কোচিংয়ে আগুন লেগে ১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়। পুরানিয়া এলাকার ওই বহুতলের এসিতে আগুন লাগার ঘটনা ঘটে, যা দ্রুত পুরো ভবনটিকে কালো ধোঁয়ায় ঢেকে ফেলে। বহুতলের নীচতলায় একটি পোষ্যের ক্লিনিক এবং ওপরের তলাগুলিতে অ্যানিমেশন ও গেমিং কোচিং সেন্টার ছিল। লাফ দিয়ে বাঁচতে গিয়ে একাধিক পড়ুয়া আহত হন।
ঘটনায় লখনউ পুলিশ এই ভবনের মালিক সহ মোট চারজনকে গ্রেফতার করে। আবাসিক হিসেবে ভবনটি তৈরি হলেও বেআইনিভাবে বাণিজ্যিক কাজে ব্যবহার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সিট গঠনের নির্দেশ দিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করেছেন। এবং প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। এবার সেই লখনউয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কোচিং সেন্টারগুলিকে কড়া নির্দেশ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। লখনউয়ের ঘটনায় সামনে এসেছে একাধিক গাফিলতি।
