আজকের দিনেবাংলার আয়না

হলদিয়ায় জলমগ্ন হেলিপ্যাড ও সভাস্থল, কলাইকুন্ডায় নামল প্রধানমন্ত্রীর বিমান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,হলদিয়া: বঙ্গ সফরে এসে প্রকৃতির রোষে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, বৃহস্পতিবার সকালে হলদিয়ায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টি ও দুর্যোগের কারণে তা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। রাতভর বৃষ্টিতে হলদিয়ার সভাস্থল জলমগ্ন। এমনকি জল জমে গিয়েছে খোদ প্রধানমন্ত্রীর নামার জন্য নির্ধারিত হেলিপ্যাডেও। এই পরিস্থিতিতে সভার সময় বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। তার জেরে হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল কার্যত পুকুরে পরিণত হয়। মাঠ জলমগ্ন থাকায় সকাল থেকেই কর্মী-সমর্থকদের মাঠে পৌঁছাতে কালঘাম ছুটছে। পরিস্থিতি বেগতিক দেখে মাঠ ও হেলিপ্যাড শুকানোর কাজে তড়িঘড়ি নামানো হয়েছে কর্মীদের। তবে আকাশ মেঘলা থাকায় দুর্যোগের ভ্রকুটি এখনও কাটেনি।

শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান নির্ধারিত সময়েই কলাইকুন্ডা বিমানবন্দরে অবতরণ করেছে। সেখান থেকে কপ্টারে তাঁর হলদিয়া পৌঁছানোর কথা। তবে হেলিপ্যাডের পরিস্থিতির ওপর নির্ভর করছে তিনি ঠিক কখন সভাস্থলে পৌঁছাতে পারবেন। সকাল সাড়ে ৯টায় হলদিয়ার সভা শুরু হওয়ার কথা থাকলেও, বেলা বাড়লেও তা শুরু করা সম্ভব হয়নি। এর ফলে প্রধানমন্ত্রীর এদিনের পরবর্তী দুটি সভা— অর্থাৎ আসানসোল এবং সিউড়ি-র কর্মসূচিও সময়ের দিক থেকে পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে গুরুত্বপূর্ণ দফার ভোট। তার আগে শাসক-বিরোধী সব পক্ষই প্রচারে কোমর বেঁধে নেমেছে। একদিকে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দক্ষিণ থেকে উত্তর চষে ফেলছেন, তখন মোদির এই সফর ছিল বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকৃতির বাধায় সেই প্রচারে আপাতত সাময়িক ছেদ পড়েছে। আবহাওয়ার উন্নতি হলে এবং মাঠ ব্যবহারের উপযোগী হলেই প্রধানমন্ত্রী সভা শুরু করবেন বলে বিজেপি নেতৃত্ব আশাবাদী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *