Taratala Incident : তারাতলায় গুদাম ধসে আটক মালিক শম্ভুনাথ বেহরা, এখনো চলছে উদ্ধারকাজ !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় গুদামের মালিক শম্ভুনাথ বেহরাকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সকালেও চলছে উদ্ধারকাজ। এই ঘটনার পর কলকাতা পুরসভা এলাকায় সব বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পোর্টের জমি লিজ নিয়ে গুদাম তৈরি করছিলেন বেহরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহরা। বুধবার থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। অবশেষে তারাতলার ফ্ল্যাট থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, মানি টাওয়ারে শম্ভুনাথ বেহরার অফিস-সহ মোট ছয়টি ফ্ল্যাট রয়েছে। অফিসে তালা থাকলেও ফ্ল্যাটে পরিবারের সদস্যরা ছিলেন। তাঁরা প্রথমে শম্ভুনাথের খোঁজ দিতে পারেননি। তবে পুলিশ নিশ্চিত ছিল যে তিনি ফ্ল্যাটেই আছেন। পরে পার্কিং লটে তাঁর সব গাড়ি দেখতে পাওয়া যায়। এরপর তিনজন ড্রাইভারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেই শম্ভুনাথ বেহরার খোঁজ মেলে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
প্রাথমিক অনুমান, প্রবল বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় নির্মীয়মাণ কাঠামোটি ভেঙে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের লিজ নেওয়া জমিতে বেহরা ব্রাদার্সের নামেই গুদাম তৈরির কাজ চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভা জানিয়েছে যে গুদামটির নকশাতেই ত্রুটি ছিল। চলতি বছরের ১৭ জানুয়ারি পুরসভা থেকে ওই নকশা অনুমোদন করা হয়েছিল। ত্রুটি থাকা সত্ত্বেও কীভাবে নকশা ছাড়পত্র পেল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
তারাতলা ধসের ঘটনায় গুদাম মালিক আটক হলেও এখনও উদ্ধারকাজ শেষ হয়নি। নকশায় ত্রুটির অভিযোগ ওঠায় কলকাতায় সব বাণিজ্যিক নির্মাণ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তদন্তের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
