উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয়-কন্যা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। এবার সেই রদবদলের কোপ পড়ল খোদ প্রাক্তন তৃণমূল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের ওপর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হলো জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। বৃহস্পতিবারই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
তৃণমূল জমানার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই লাইমলাইটে এসেছিলেন তাঁর মেয়ে প্রিয়দর্শিনী। বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক মহলের খোলনলচে বদলে ফেলার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার।
পদত্যাগে মেলেনি সম্মতি, অবশেষে কড়া পদক্ষেপ সরকারের
নবান্ন ও শিক্ষা দপ্তর সূত্রে খবর, রাজ্যে ক্ষমতা হস্তান্তরের পরই প্রিয়দর্শিনী মল্লিককে সম্মানজনকভাবে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই পরামর্শ মানতে বা নিজে থেকে ইস্তফা দিতে রাজি হননি। প্রিয়দর্শিনী অনড় থাকায় শেষ পর্যন্ত কড়া পদক্ষেপের পথেই হাঁটল শিক্ষা দপ্তর। গতকাল, বৃহস্পতিবার সরাসরি বিজ্ঞপ্তি জারি করে তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
নতুন দায়িত্ব ও নীরবতা
শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত করে প্রিয়দর্শিনী মল্লিককে তাঁর পুরনো কর্মস্থল অর্থাৎ আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ফেরত পাঠানো হচ্ছে। এখন থেকে তিনি সেখানেই কাজ করবেন। তবে এই আকস্মিক অপসারণ নিয়ে প্রিয়দর্শিনী মল্লিকের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
উল্লেখ্য, কাকতালীয়ভাবে গতকালই ছিল রাজ্য উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। সেই ফল প্রকাশের মূল অনুষ্ঠানেও মঞ্চে উপস্থিত ছিলেন প্রিয়দর্শিনী। আর সেই অনুষ্ঠান মিটতে না মিটতেই তাঁর অপসারণের সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা তথা রাজনৈতিক মহল।
প্রশাসনিক পদ থেকে ‘প্রভাবশালী’ যোগ বাদ দিতে বিজেপি সরকারের এই পদক্ষেপ আগামী দিনে আরও বড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
