আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Congress : লক্ষ্মীবারে হাইভোল্টেজ বৈঠক কংগ্রেসের , মমতাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই লক্ষ্মীবারে দিল্লিতে জরুরি বৈঠক ডাকল কংগ্রেস হাইকমান্ড। মাত্র কয়েক ঘণ্টার নোটিসে সব রাজ্যের প্রদেশ সভাপতি ও সাধারণ সম্পাদকদের ইন্দিরা ভবনে তলব। আজকের বৈঠকেই কি স্পষ্ট হবে তৃণমূল-কংগ্রেস সমীকরণ?

আজ বৃহস্পতিবার ইন্দিরা ভবনে বসছে কংগ্রেসের হাইভোল্টেজ বৈঠক। শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সদলবলে কংগ্রেসে যোগ দিতে পারেন। অথবা তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিলিয়ে দিতে পারেন।

এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে গত দু’দিনের দুই দলের শীর্ষ বৈঠক। মঙ্গলবার ১০ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাহুল গান্ধীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেস সূত্রের খবর, মমতাকে সর্বভারতীয় স্তরে বড় পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অভিষেককেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে। যদিও তৃণমূল সূত্র এই ধরনের প্রস্তাবের কথা অস্বীকার করছে।

বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন সব রাজ্যের নেতারা। উল্লেখ্য, বুধবার লোকভবন ঘেরাও কর্মসূচি থেকে পুলিশের হাতে আটক হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ছাড়া পেয়েই আজকের জরুরি বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি উড়ে গেছেন।

সাধারণত বড় সাংগঠনিক সিদ্ধান্ত বা জাতীয় ইস্যুর আগে এ ধরনের বৈঠক ডাকে কংগ্রেস। কিন্তু তড়িঘড়ি কয়েক ঘণ্টার নোটিসে বৈঠক ডাকা নজিরবিহীন। তৃণমূলে ভাঙন বাড়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেসের সঙ্গে মমতা-অভিষেকের নৈকট্য বাড়ছে বলে মত রাজনৈতিক মহলের।

আজকের এই জরুরি বৈঠকেই কি খুলবে সব জট? মমতাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি লক্ষ্মীবারেই নেবে কংগ্রেস? নাকি সিদ্ধান্ত আগেই হয়ে গেছে, শুধু রাজ্য নেতৃত্বকে জানিয়ে দেওয়া হবে? ইন্দিরা ভবনের বৈঠকের দিকেই এখন তাকিয়ে গোটা দেশ। এই বৈঠকই ঠিক করে দেবে বিরোধী রাজনীতির আগামী রোডম্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *