Restrictions At Tarapith : কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া বিধিনিষেধ, গর্ভগৃহে প্রবেশ ও স্পর্শে নিষেধাজ্ঞা !
কিউ ইন্ডিয়া বাংলা, তারাপীঠ :- কৌশিকী অমাবস্যায় ভক্তদের বিপুল ভিড় সামলাতে এবার কড়া সিদ্ধান্ত নিল তারাপীঠ মন্দির কমিটি। এবার থেকে গর্ভগৃহে প্রবেশ ও মা তারাকে স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।(Restrictions At Tarapith)
প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে মন্দির কমিটি, পুলিশ, দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহণ ও লজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্দির কমিটির সভাপতি নিখিল বন্দ্যোপাধ্যায় জানান, দর্শনের জন্য সাধারণ লাইন, পে লাইন এবং প্রটোকল লাইন থাকবে। পে লাইনের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে, এর বেশি নেওয়া যাবে না। স্থানীয়রা ওই ৫০০ টাকার ভিআইপি লাইনে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।(Restrictions At Tarapith)
তিনি প্রশাসনের কাছে আবেদন জানান, ওই দিন কোনও আধিকারিক যেন গর্ভগৃহে প্রবেশের জন্য অনুরোধ না করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, ভক্তরা দূর থেকেই মায়ের দর্শন করবেন, গর্ভগৃহের ভিতরে ঢুকতে পারবেন না।
শুধু মন্দির নয়, গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তা, যান চলাচল, বিদ্যুৎ, স্বাস্থ্য ও হোটেল পরিষেবা জোরদার করা হচ্ছে। ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় এবং কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সব দপ্তরকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।(Restrictions At Tarapith)
