আজকের দিনেখেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই নেই নেইমার, ধাক্কা খেল ব্রাজিল: নিশ্চিত করলেন আনসেলোত্তি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউ জার্সি:- ফুটবল বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না সেলেসাওরা। চোটের কারণে ছিটকে গেলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। কোচ কার্লো আনসেলোত্তি নিজেই নেইমারের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের অক্টোবরে এসিএল ছিঁড়ে যাওয়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি নেইমার। ক্লাব ফুটবলেও চলতি মরশুমে একাধিকবার চোট-আঘাতে ভুগেছেন তিনি। তবুও ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি ২৬ জনের বিশ্বকাপ দলে নেইমারকে রেখে আস্থা দেখিয়েছিলেন। আশা ছিল, বিশ্বমঞ্চে দলকে নেতৃত্ব দেবেন তিনি।

কিন্তু ব্রাজিল শিবিরে যোগ দিয়ে অনুশীলনে নেমেই ফের অস্বস্তিতে পড়েন নেইমার। মেডিক্যাল রিপোর্টে ধরা পড়ে তাঁর গ্রেড ২ পেশির স্ট্রেন হয়েছে এবং হালকা পেশি ছিঁড়েও গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট সারতে সম্পূর্ণ বিশ্রাম ও রিহ্যাবের প্রয়োজন। এরপর থেকেই নেইমারের বিশ্বকাপে খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়।

এই সপ্তাহান্তে নিউ জার্সিতে বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও মরক্কো। খাতায়-কলমে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ এটি। তার আগেই নেইমারের ছিটকে যাওয়ার খবর সেলেসাও সমর্থকদের জন্য বিরাট ধাক্কা।

ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে কোচ আনসেলোত্তি বলেন, ‘নেইমার যত দ্রুত সম্পূর্ণভাবে ফিট হয়ে যাওয়া যায়, সেই চেষ্টাই করছে। মেডিক্যাল টিম দিন-রাত কাজ করছে ওকে নিয়ে। আমরা আশা করছি ও পরের সপ্তাহেই পুরো ফিট হয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারবে।’

ব্রাজিলের পরের দুই ম্যাচ ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে। আনসেলোত্তির দাবি, এই ম্যাচগুলিতে নেইমারকে পাওয়া যাবে। তবে চোটের যা অবস্থা, তাতে আদৌ তিনি গ্রুপ পর্বে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ২০২২ বিশ্বকাপেও চোটের কারণে গ্রুপ পর্বের দুটি ম্যাচ মিস করেছিলেন নেইমার। এবারও সেই একই ছবি ফিরে আসায় হতাশ ব্রাজিল সমর্থকরা।

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। প্রথম ম্যাচেই তারকার অভাব দলকে ভোগাতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নেইমারের সৃজনশীলতার অভাব ঢাকতে বিকল্প রণনীতি সাজাতে হচ্ছে আনসেলোত্তিকে। এখন দেখার, নেইমারহীন ব্রাজিল কতটা সামলে নিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *