Sukanta-Rahul : পুজো মিটতেই পুরভোট, কলকাতার দায়িত্বে সুকান্ত মজুমদার, হাওড়ায় রাহুল সিনহা !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজো মিটলেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভায় ভোটের সম্ভাবনা। তার আগেই ঘুঁটি সাজাতে শুরু করল বিজেপি। কলকাতার পুরভোটের ইনচার্জ করা হল সুকান্ত মজুমদারকে এবং হাওড়ার দায়িত্ব পেলেন রাহুল সিনহা।(Sukanta-Rahul )
বিধানসভা ভোটে বড় জয় পেয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার নজর পুরভোটের দিকে। কলকাতা ও হাওড়া পুরসভা দখলকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। আগামী দিনে রাজ্যের অন্যান্য পুরসভাতেও জয়ের জন্য নীল নকশা তৈরি করছে নেতৃত্ব।
দলীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে সল্টলেকে বিজেপির পার্টি অফিসে পর্যবেক্ষক সুনীল বনসলের নেতৃত্বে বিধায়ক ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয়। বৈঠকের পরই দায়িত্ব বন্টন করা হয়।(Sukanta-Rahul )
কলকাতা কর্পোরেশনে ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সহ-ইনচার্জ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, আহ্বায়ক তাপস রায় এবং সহ-আহ্বায়ক রিতেশ তিওয়ারি।
অন্যদিকে হাওড়া পুরসভার ভোটের ইনচার্জ করা হয়েছে বর্ষীয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়কের দায়িত্বে থাকছেন সঞ্জয়কুমার সিং।
বিধানসভা জয়ের পর পুরভোটে জয়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। কলকাতা ও হাওড়া দখলের মাধ্যমে রাজ্যজুড়ে পুরসভাগুলিতে সংগঠনকে আরও শক্তিশালী করাই লক্ষ্য গেরুয়া শিবিরের।(Sukanta-Rahul )
