MEERA BHATTACHARYA : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব-জায়া মীরা, সময়মতো খাওয়ার পরামর্শ চিকিৎসকদের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হাসপাতাল থেকে ছুটি পেয়ে মঙ্গলবার বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (MEERA BHATTACHARYA)। পেটের ব্যথা নিয়ে গত শুক্রবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটের ডান দিকে ব্যথা অনুভব করছিলেন মীরা (MEERA BHATTACHARYA) । চিকিৎসক সৌতিক পন্ডার তত্ত্বাবধানে ভর্তি করা হয় তাঁকে। সিটি স্ক্যান করে দেখা যায়, ডান দিকে সমস্যা না থাকলেও পেটের বাম দিকে রয়েছে পুরু আস্তরণ। রুটিন রক্ত পরীক্ষা-সহ প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ব্যথা কমে যায়।
তাঁর চিকিৎসার জন্য কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট-সহ বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। শনিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
চিকিৎসকদের বক্তব্য, মীরাদেবী (MEERA BHATTACHARYA) প্রয়োজনমতো সময়মতো খাওয়া-দাওয়া করেন না, তাই তাঁকে নিয়ম মেনে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে বেরিয়ে মীরা ভট্টাচার্য জানান, তিনি এখন ভাল আছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের জুন মাসে হৃদযন্ত্রে থাকা পেসমেকারের ব্যাটারি বদলের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ২০২১ সালেও শ্বাসকষ্ট, জ্বর ও মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
আপাতত সম্পূর্ণ সুস্থ আছেন মীরা ভট্টাচার্য। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি।
