আজকের দিনেবাংলার আয়না

Damayanti Missing : টুর্নামেন্টের দিনেই নিখোঁজ রাজ্যস্তরের শুটার দময়ন্তী। শেষবার দেখা গিয়েছিল হাওড়া স্টেশনে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পাওয়া রাজ্যস্তরের শুটার দময়ন্তী সেন বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ। হাওড়ার ৩০/২ উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা ১৫ বছরের কিশোরী বাড়ির সামনের দোকানে দুধ কিনতে বেরিয়ে আর ফেরেনি। সিসিটিভি ফুটেজে শেষবার তাকে হাওড়া স্টেশনে দেখা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহলে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রথের দিন সকাল ৯টা নাগাদ দুধ কিনতে বেরোয় দময়ন্তী। পরণে ছিল গোলাপি রঙের পোশাক। সাড়ে ৯টা বেজে গেলেও সে না ফেরায় প্রথমে নদীর ধারে খোঁজ করা হয়। সেখানেও না পেয়ে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন বাবা ধ্রুবজ্যোতি সেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ৪৬ মিনিটে দময়ন্তী হাওড়া স্টেশনে ঢুকছে। ১০টা ১ মিনিটে ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকে শেষবার যেতে দেখা যায়। ওই সময়ে আরামবাগ ও বর্ধমান লোকাল ছাড়ে। শেওড়াফুলিতেও খোঁজ চালানো হয়েছে।

দময়ন্তী অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী। প্রতিদিন সকালে অনুশীলন করত সে। জাতীয় দলে ট্রায়ালের জন্যও ডাক পেয়েছিল। পরিবারের দাবি, বুধবার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল মেয়ে। মোবাইল ছিল বাড়িতেই। কোনও ঝামেলা বা অশান্তির খবরও নেই।

ধ্রুবজ্যোতি জানান, মেয়েকে ফিরে পেতে সমাজমাধ্যমে আবেদন করেছেন। সেই পোস্ট ভাইরাল হওয়ার পর বর্ধমান-সহ বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। তবে এখনও পর্যন্ত কোনও খবরই পুলিশ যাচাই করতে পারেনি। মধ্যরাত পর্যন্ত মেয়ের কোনও হদিশ মেলেনি। শ্রীরামপুর থানাতেও খোঁজ করছেন বাবা।

টুর্নামেন্টের ঠিক আগের দিন এমন নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন ক্রীড়া জগৎ ও পরিবার। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। দময়ন্তীকে কোথাও দেখতে পেলে নিকটবর্তী থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *