FIFA Worldcup 26 : কানাডার স্বপ্নভঙ্গ! আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো !
কিউ ইন্ডিয়া বাংলা, হাউস্টন :- ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবারও থামার নাম নিচ্ছে না। কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মরক্কো। ম্যাচের নায়ক আজেদিন ঔনাহি, করলেন জোড়া গোল।
শুরুটা অবশ্য ছিল কানাডার। আক্রমণাত্মক ‘দ্য রেডস’ প্রথম থেকেই মরক্কোর রক্ষণে চাপ সৃষ্টি করে। চতুর্থ মিনিটেই কর্নার, ষষ্ঠ মিনিটে পরপর ২টি কর্নার, ১১ মিনিটে ওলুওয়াসেইয়ের জোরাল শট – সবই রুখে দেন মরক্কোর দেওয়াল ইয়াসিন বুনু। ২৯ মিনিট পর্যন্ত মরক্কো কার্যত নিজেদের অর্ধেই আটকে ছিল।
ধীরে ধীরে ম্যাচে ফেরে ‘অ্যাটলাস লায়ন্স’। বলের দখল বাড়িয়ে ৬৭% দখল নিয়ে খেলার নিয়ন্ত্রণ নেয় তারা। ২৯ মিনিটে প্রথমবার গোলমুখী শট নেয় মরক্কো। ২০ মিনিটে হালহাল, ৩৯ মিনিটে হাকিমি সহ প্রথমার্ধে দুই দলের ৬ জন হলুদ কার্ড দেখেন।
দ্বিতীয়ার্ধেই খেলা ঘোরে। ৫০তম মিনিটে ফ্রিক থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে দুরন্ত কার্লিং শটে গোল করেন আজেদিন ঔনাহি। ৫৩ মিনিটে হাকিমি সুযোগ নষ্ট করলেও ৮২ মিনিটে আবার জালে বল জড়ান আজেদিন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কানাডার কফিনে শেষ পেরেক পোঁতেন বদলি রহিমি।
চোটের জন্য মাঝপথে মাঠ ছাড়েন ইসমাইল সাইবারি। পরিবর্ত হিসেবে নামা রহিমি-আমরাবাতরাও দলের ছন্দে তাল মেলান।
মারাক্কেশের ‘জেমা এল-ফনা’ স্কোয়ারের হাজার বছরের ‘হিকায়াত’ গল্পের ঐতিহ্যে এবার নতুন অধ্যায় যোগ হল। সাইবারি, হাকিমি, আজেদিনদের এই উত্থানের কাহিনি একদিন প্রজন্ম থেকে প্রজন্মে ফিরবে। ২০২২-এর স্মৃতি ফিরিয়ে ফের কোয়ার্টারের পথে মরক্কো – অপ্রতিরোধ্য ‘অ্যাটলাস লায়ন্স’।
