আজকের দিনেবিশ্বরাজনীতি

Putin : ইউক্রেন যুদ্ধের মাঝেই পোল্যান্ডে হামলার ব্লুপ্রিন্ট! ন্যাটোর শক্তি পরীক্ষায় নয়া চাল পুতিনের ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই এবার নয়া টেনশন। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ‘দ্য টেলিগ্রাফ’-এর রিপোর্ট, ইউক্রেনে পশ্চিমী সমর্থন দুর্বল করতেই পোল্যান্ডে সীমিত সামরিক অভিযানের ছক কষছে মস্কো। ওয়ারশকে সতর্কও করেছে আমেরিকা।

রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপের মধ্যে রয়েছে পোল্যান্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা, এবং সীমিত আকারের বিমান হামলা। তবে উদ্দেশ্য পূর্ণাঙ্গ যুদ্ধ নয়। বরং ন্যাটো কতটা ঐক্যবদ্ধ এবং কেমন প্রতিক্রিয়া দেয়, সেটাই পরীক্ষা করতে চায় মস্কো।

মার্কিন গোয়েন্দাদের দাবি, পোল্যান্ডে হামলার পর আমেরিকা ওয়ারশ-র পাশে দাঁড়ালে রাশিয়া আলোচনার প্রস্তাব দিতে পারে। শর্ত হিসেবে তারা চাইতে পারে ইউক্রেনে পশ্চিমী দেশগুলির সামরিক সাহায্য বন্ধ করা। এর সাথেই কূটনৈতিক চাপও তৈরি করবে তারা।

এমনকি কোনও হামলার জন্য ইউক্রেনকেই দায়ী করে পশ্চিমী জোটের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কৌশলও নিতে পারে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে, পোল্যান্ডে আঘাত এলে তা শুধু একটা দেশের সমস্যা থাকবে না। গোটা ইউরোপের নিরাপত্তা এবং ন্যাটোর ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।

তবে মস্কো এখনও এই ধরনের কোনও পরিকল্পনার কথা স্বীকার করেনি। অন্যদিকে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা কড়া ভাষায় জানিয়েছেন, পোল্যান্ডে কোনও হামলা হলে তার যোগ্য জবাব দেবে ওয়ারশ।

পোল্যান্ডের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার পাশাপাশি ন্যাটোর অন্দরে ফাটল ধরানোই রাশিয়ার মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এই জল্পনার মাঝে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এখন রীতিমতো উদ্বেগজনক। পরবর্তী পদক্ষেপ কোন দিকে যায়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *