আজকের দিনেতিলোত্তমা

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে সিআইডি-র বিশেষ তদন্তকারী দল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মধ্যমগ্রাম: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ঘাতকদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করল পুলিশ। তদন্তের স্বার্থে আইজি সিআইডির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছেন আধিকারিকরা।

তদন্তের বর্তমান পরিস্থিতি

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হত্যাকাণ্ডে জড়িত তিন অভিযুক্তের মধ্যে অন্তত একজন স্থানীয় বাসিন্দা। তাকে চিহ্নিত করতে এলাকার পুরনো অপরাধীদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া গাড়ির রহস্য

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধানাথ গুপ্তা জানিয়েছেন, ঘটনায় ব্যবহৃত চারচাকার গাড়িটি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির নম্বরপ্লেটটি শিলিগুড়ির হলেও সেটি ভুয়ো বলে সন্দেহ করছে পুলিশ। এই সূত্র ধরে শিলিগুড়িতে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গিয়েছে, খুনের অন্তত ৬-৭ ঘণ্টা আগে থেকেই গাড়িটি মধ্যমগ্রাম এলাকায় ‘রেকি’ করছিল।

ঘটনাস্থলে উচ্চপদস্থ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএসএফ  ডিজি প্রবীণ কুমার। এর আগে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি। বর্তমানে গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যে স্থানে খুনের ঘটনাটি ঘটেছে, সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য বিশেষ বোর্ড

চন্দ্রনাথ রথের দেহের ময়নাতদন্ত হবে বারাসাত মেডিক্যাল কলেজে। এই স্পর্শকাতর বিষয়টি গুরুত্ব সহকারে সম্পন্ন করতে তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমে একজন বিভাগীয় প্রধান এবং দুইজন সহকারী অধ্যাপক রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে সব ধরণের প্রযুক্তিগত ও গোয়েন্দা তথ্যের সাহায্য নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *