আজকের দিনেখেলাবিশ্বভারত

SAFF Women’s Champion : বাংলাদেশকে ৩-১ গোলে উড়িয়ে ষষ্ঠবার সাফ উইমেনস চ্যাম্পিয়ন ভারত, ২০১৯-এর পর খরা কাটল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গোয়ার মারগাওয়ে দাপুটে জয় ভারতীয় মেয়েদের। শনিবার সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ফাইনালে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠবার খেতাব ঘরে তুলল ভারত। ২০১৯ সালের পর এই প্রথম সাফ জয় পেলেন পেয়ারি-স্যানফিদারা। টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভাঙল বাংলাদেশের।

ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ভারত। রক্ষণ ও মাঝমাঠের দখল নিয়ে বারবার বাংলাদেশের বক্সে হানা দেয় ব্লু টাইগ্রেসরা। ৪২ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে দুর্দান্ত হেডে পেয়ারি জাজার গোলে এগিয়ে যায় ভারত। তবে প্রথমার্ধের সংযোজিত সময়ে প্রতি-আক্রমণ থেকে ঋতুপর্ণা চাকমার শট পানথোই চানুকে পরাস্ত করে জালে জড়ালে সমতায় ফেরে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ঝড় তোলে ভারত। ৪৬ মিনিটে বক্সের বাইরে থেকে স্যানফিদা নংরামের জোরালো শটে ২-১ করে ভারত। এরপর একের পর এক আক্রমণ শানায় ভারতীয় দল। ৮২ মিনিটে বদলি হিসেবে নামা লিন্ডা কমের ঠান্ডা মাথার ফিনিশ ভারতের জয় নিশ্চিত করে। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে উল্লাসে মেতে ওঠে গোটা দল। এবারের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, চার ম্যাচে চারটিতেই জয়। প্রতিপক্ষের জালে দিয়েছে মোট ১৮ গোল। ফাইনালের আগে একটিও গোল হজম করেনি ভারতের রক্ষণ। একমাত্র ফাইনালেই ঋতুপর্ণার গোল হজম করতে হয়। ব্যক্তিগত পুরস্কারেও দাপট ভারতের। টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হয়েছেন স্যানফিদা নংরাম। চার গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার পেয়েছেন আবেকা সিং। ইস্টবেঙ্গলের পানথোই চানু এলাংবাম জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার। ফেয়ার প্লে ট্রফি গিয়েছে নেপালের ঘরে।

গত দুই আসরে খেতাব হাতছাড়া হওয়ার পর এবার দেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়ে জবাব দিল ভারতীয় মহিলা দল। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে যে উত্তেজনা থাকে, শনিবারও তার ব্যতিক্রম হয়নি। তবে মাঠের লড়াইয়ে দাপট দেখিয়েই ২০১৯-এর পর ফের দক্ষিণ এশিয়ার সেরা হল ভারত। এই জয় ভারতীয় মহিলা ফুটবলের জন্য বড় অনুপ্রেরণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *