রাতের অন্ধকারে ট্রান্সফর্মার উধাও! ৫০০ মিটার সরিয়ে দুর্নীতির অভিযোগে তোলপাড় পাথরপ্রতিমা
কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি :- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় রাতের অন্ধকারে বিদ্যুৎ ট্রান্সফর্মার ৫০০ মিটার দূরে স্থানান্তর ঘিরে চাঞ্চল্য। এলাকাবাসীর অভিযোগ, লক্ষাধিক টাকার ঘুষ ও বিদ্যুৎ দপ্তরের যোগসাজশে সরকারি অনুমতি ছাড়াই সরানো হয়েছে ট্রান্সফর্মার।
দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর মোড়ে গীতা মণ্ডলের বাড়ির পাশে থাকা ট্রান্সফর্মারটি কয়েক মাস আগে রাতারাতি পাকা রাস্তার উল্টোদিকে সরানো হয়। স্থানীয়দের দাবি, নথিতে এখনও পুরনো জায়গাই দেখাচ্ছে। প্রশ্ন উঠছে—মিটার ঠিক করতেই মাস লাগে, সেখানে এত বড় কাজ রাতারাতি কীভাবে হল?
গীতা মণ্ডলের দাবি, সাবস্টেশন ম্যানেজারের মৌখিক নির্দেশে ৬০ হাজার টাকার জিনিস নিজেই কিনেছেন। তবে কোনও সরকারি রশিদ মেলেনি। এলাকাবাসীর প্রশ্ন, সাধারণ মানুষ কীভাবে ট্রান্সফর্মারের সরঞ্জাম কিনতে পারে? লেনদেনের রশিদ কোথায়? বর্তমান সাব সেন্টার ম্যানেজার ঘটনা জানার পর থানায় লিখিত অভিযোগ করেছেন। ডিএম অফিস জানিয়েছে, বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তবে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ দু’পক্ষই।
রাতের অন্ধকারে ট্রান্সফর্মার স্থানান্তরের ঘটনায় দুর্নীতির গন্ধ পাচ্ছে পাথরপ্রতিমা। লক্ষ টাকার লেনদেন, রশিদহীন খরচ, বিদ্যুৎ দপ্তরের নীরবতা—সব মিলিয়ে রহস্য ঘনীভূত। তদন্তে প্রকৃত সত্য সামনে আসে কি না, আর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কি না, সেদিকেই তাকিয়ে গোটা জেলা।
