আজকের দিনেবাংলার আয়না

শিলিগুড়িতে তেনজিং নোরগের ১১২তম জন্মবার্ষিকী উদযাপন, ভারতরত্নের দাবি মেয়র গৌতম দেবের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- এভারেস্টজয়ী কিংবদন্তি তেনজিং নোরগের ১১২তম জন্মবার্ষিকী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করল শিলিগুড়ি পুরনিগম। শনিবার দার্জিলিং মোড়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন মেয়র গৌতম দেব। অনুষ্ঠান থেকেই তেনজিংকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তোলা হয়।

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে দার্জিলিং মোড়ে তেনজিং নোরগের মূর্তির পাদদেশে আয়োজিত হয় জন্মবার্ষিকীর অনুষ্ঠান। শুরুতেই মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন মেয়র পারিষদ, কাউন্সিলর, পুর আধিকারিক এবং শহরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও পর্বতারোহী সংগঠনের সদস্যরা। অনুষ্ঠান মঞ্চ থেকে মেয়র বলেন, “তেনজিং নোরগে শুধু পাহাড়ের নয়, গোটা দেশের গর্ব। ১৯৫৩ সালে এভারেস্ট জয় করে তিনি বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।” তিনি আরও জানান, আজকের বোর্ড মিটিংয়ে সর্বদলীয় কাউন্সিলরদের উপস্থিতিতে এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। ভারতরত্নের দাবি জানিয়ে লিখিত প্রস্তাব রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে।

১৯১৪ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন তেনজিং নোরগে। ১৯৫৩ সালের ২৯ মে এডমন্ড হিলারির সঙ্গে তিনি প্রথম এভারেস্ট জয় করেন। তাঁর অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই শিলিগুড়ি পুরনিগমের এই উদ্যোগ বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *