আজকের দিনেতিলোত্তমা

পালাবদলের বড় চমক, কলকাতায় বসছে আন্তর্জাতিক যোগ দিবসের মূল আসর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- রাজ্যে পালাবদলের পর প্রথম বড় উপহার ঘোষণা করল কেন্দ্র। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠান এবার কলকাতায়। রেড রোড ও সংলগ্ন এলাকায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আয়োজিত হবে এই মেগা ইভেন্ট। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব মধ্যপ্রদেশের খাজুরাহোতে ‘যোগ মহোৎসব ২০২৬’ মঞ্চ থেকে কলকাতার নাম ঘোষণা করেন। তিনি বলেন, ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ কলকাতাই এবার মূল অনুষ্ঠানের আতিথেয়তা করবে। এবছরের থিম ঠিক হয়েছে “সুস্থ বার্ধক্যের জন্য যোগ”। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। সোমবার নবান্নে যোগ জগতের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি। সেখানেই কলকাতায় মূল অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনার কথা জানানো হয়। ক্রীড়াভারতীর প্রদেশ সম্পাদক বিভাস মজুমদার জানান, ২০২৫ সালেই কলকাতায় মূল অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল। কিন্তু রাজনৈতিক পরিবেশ অনুকূল না থাকায় তা হয়নি। পালাবদলের পর এবার সেই সুযোগ এল। যোগ দিবস উদযাপন কমিটির সম্পাদক ড. অভিজিৎ ঘোষের কথায়, ছাব্বিশের একুশে জুন কলকাতার জন্য ঐতিহাসিক দিন হতে চলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন ‘যোগ সঙ্গম পোর্টাল’-এর নতুন সংস্করণ চালু করেন যাতে অনলাইন নিবন্ধন আরও সহজ হয়। একইসঙ্গে ‘যোগ পার্ক পোর্টাল’-এর সূচনা হয়েছে, যার মাধ্যমে রাজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্দিষ্ট যোগচর্চার স্থান তৈরিতে সহায়তা মিলবে। নতুন ‘যোগ টি-শার্ট’-ও প্রকাশ করা হয়েছে। ‘যোগ ৩৬৫ ক্যাম্পেইন’-এর আওতায় ১০০ দিনের বিনামূল্যের প্রশিক্ষণে ইতিমধ্যেই দুই লাখের বেশি মানুষ ‘যোগ মিত্র’ সার্টিফিকেট পেয়েছেন।

প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাবনায় আয়ুষ মন্ত্রক যোগকে গ্রাম থেকে শহর, স্কুল থেকে অফিস সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করছে। কলকাতায় মূল অনুষ্ঠান আয়োজন সেই লক্ষ্যেরই বড় স্বীকৃতি। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার অংশ হিসাবে যোগব্যায়াম এবং ‘আয়ুষ আহার’-এর মতো উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রায় সুস্থতার নতুন দিশা দেখাবে বলে মনে করছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *