ইডি অফিসে হাজিরা নিয়ে সুজিত বসুকে দিনক্ষণ বেঁধে দিল হাইকোর্ট
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- বিধানসভা নির্বাচনের তপ্ত আবহের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী তথা বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। শুক্রবার ২৪ এপ্রিল ইডির দফতরে হাজির হওয়ার কথা থাকলেও, উচ্চ আদালতের হস্তক্ষেপে সেই সময়সীমা কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আপাতত তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে না। তবে হাজিরা থেকে পুরোপুরি রেহাই পাননি তিনি। আদালতের স্পষ্ট নির্দেশ, আগামী ১ মে ইডি দফতরে সশরীরে হাজির হতে হবে তাঁকে।আদালত জানিয়েছে, ভোট মিটলে তার পরেই তাঁকে হাজিরা দিতে হবে সিজিও কমপ্লেক্সে।
বৃহস্পতিবার সুজিতের আবেদনের ভিত্তিতে হওয়া মামলার শুনানি ছিল হাই কোর্টে। হাইকোর্টে এই মামলার শুনানিতে ইডির তরফে দাবি করা হয়, অভিযুক্তের এই আবেদন গ্রহণযোগ্য নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, বারবার সমন পাঠানো সত্ত্বেও সুজিত বসু তদন্তে সহযোগিতা করছেন না। অন্যদিকে, সুজিতের আইনজীবীদের সওয়াল ছিল, সিবিআইয়ের চার্জশিটে দু’বছর আগে তাঁর নাম নেই। তা সত্ত্বেও ইডি কেন তাঁকে তলব করছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা।
বিগত কয়েক দিনের মধ্যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুজিতকে একাধিক বার তলব করেছে ইডি। তবে তিনি প্রতি বারই ইডির থেকে সময় চেয়ে চিঠি পাঠান। সুজিত জানিয়েছিলেন, তিনি ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। ভোট মিটলে হাজিরা দেবেন। বিষয়টি নিয়ে হাই কোর্টের দ্বারস্থও হন রাজ্যের দমকলমন্ত্রী।আজ সেই মামলারই শুনানি ছিল।
সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণ রাও জানান, এখনই ইডি দফতরে যেতে হবে না সুজিতকে। বিচারপতি রাওয়ের নির্দেশ, আগামী ১ মে সুজিতকে হাজিরা দিতে হবে ইডি দফতরে।
