আজকের দিনেবাংলার আয়না

ঢোলাহাটে লরির ধাক্কায় মুরগি বোঝাই গাড়ি দুমড়ে মুচড়ে গেল, আশঙ্কাজনক চালক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি: – দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। মুরগি বোঝাই গাড়িতে লরির সজোরে ধাক্কা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মুরগির গাড়ির চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ ২৮ শে মে বৃহস্পতিবার সকালে ভোলার দিক থেকে রামগঙ্গা রোডের দিকে যাচ্ছিল একটি মুরগি বোঝাই গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি লরির সামনের চাকা আচমকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি সোজা গিয়ে ধাক্কা মারে মুরগি বোঝাই গাড়িতে। ধাক্কার অভিঘাতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঢোলাহাট থানার পুলিশ। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। গাড়ির ভেতর থেকে কোনোরকমে আহত চালককে বের করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ডায়মন্ড হারবারে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার জেরে রামগঙ্গা রোডে ব্যাপক যানজট তৈরি হয়। পরে পুলিশের তৎপরতায় জেসিবি এনে দুটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাস্তা থেকে সরানো হয়। তারপর স্বাভাবিক হয় যান চলাচল।

কীভাবে লরির চাকা ফাটল এবং চালকের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে ঢোলাহাট থানার পুলিশ। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *