রেড রোড বাদ, এবার ব্রিগেডে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ
কিউ ইন্ডিয়া বাংলা: রাজ্য সরকারের নির্দেশে রেড রোডে ঈদের নামাজ বন্ধ। এবার ঈদুল জোহারের নামাজ হল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন।
নতুন সরকার গঠনের পর প্রশাসনিক সিদ্ধান্তে রেড রোডে নামাজ বন্ধের নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার। প্রশাসনের যুক্তি, রেড রোডে নামাজের জন্য দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে এবং শহরের ট্রাফিক ব্যবস্থায় প্রভাব পড়ে। সেই কারণে এবার ঈদুল জোহারের নামাজের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে বেছে নেওয়া হয়। আজ ভোর থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ব্রিগেডের দিকে রওনা দেন। সকালের নামাজে অংশ নেন বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ। ধর্মীয় আবেগ ও উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নিরাপত্তা ব্যবস্থা ছিল নিশ্ছিদ্র। পুরো ব্রিগেড চত্বর পুলিশ, র্যাফ, কুইক রেসপন্স টিম ও সাদা পোশাকের পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়। প্রবেশপথে একাধিক চেকিং পয়েন্ট বসানো হয়। ড্রোন ক্যামেরায় চলে নজরদারি। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নামাজ শেষে ইমামরা দেশ ও রাজ্যের শান্তি এবং সকলের মঙ্গল কামনা করে দোয়া করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। সরকারের সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যানজট কমাতে এই পদক্ষেপ জরুরি। আবার বিরোধী মহলের একাংশ বলছে, দীর্ঘদিনের ঐতিহ্য রেড রোডের নামাজ সরানোয় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে প্রশাসনের বক্তব্য, আইনশৃঙ্খলা ও জনস্বার্থের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হল এবারের ঈদুল জোহারের নামাজ। প্রশাসনের দাবি, শান্তিপূর্ণভাবেই গোটা অনুষ্ঠান সফল হয়েছে। নামাজ শেষে ধীরে ধীরে ভিড় কমলে শহরের ট্রাফিকও স্বাভাবিক হয়।
