আজকের দিনেবাংলার আয়না

বুধবারই অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ , আবেদন করা যাবে অনলাইনেও

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কল্যাণী: রাজ্যবাসীর জন্য একাধিক বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকেই রাজ্যে শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণা যোজনার’ সরকারি প্রক্রিয়া, প্রকাশ করা হবে ফর্ম। একই সঙ্গে ‘মা ক্যান্টিন’, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা এবং নতুন টোলফ্রি নম্বর চালুর বিষয়েও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদীয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বড় ঘোষণাগুলি করেন তিনি।

অন্নপূর্ণা যোজনা ও ফর্ম পূরণ

মুখ্যমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পকে ‘অন্নপূর্ণা যোজনা’ এবং ‘স্বাস্থ্য সাথী’কে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে রূপান্তরিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

  • ফর্ম প্রকাশ: বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচিব, অর্থসচিব সহ অন্যান্য আধিকারিকেরা।

  • আবেদন পদ্ধতি: ফর্ম অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে। সাধারণ মানুষের সুবিধার্থে বিধায়কেরা নিজে উদ্যোগে ফর্ম পূরণ করাবেন এবং বিডিও-দের নেতৃত্বে সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবেন।

  • টাকা দেওয়া ও নিয়ম: আগামী ১ জুন থেকেই এই নতুন প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তবে যতদিন না অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া শুরু হচ্ছে, ততদিন পর্যন্ত উপভোক্তারা পুরনো ‘লক্ষ্মীর ভান্ডার’-এর টাকা নিয়ম মেনেই পাবেন।

  • নাগরিকত্ব আবশ্যিক: মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, “কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই এই সুবিধা পাবেন। অনুপ্রবেশকারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।”

 ‘দিদিকে বলো’র পরিবর্তে ‘আপনার সরকারকে বলুন’

আগামী সপ্তাহ থেকে বন্ধ হয়ে যাচ্ছে ‘দিদিকে বলো’ পরিষেবা। তার জায়গায় নতুন পরিষেবা শুরু হচ্ছে, যার নাম ‘আপনার সরকারকে বলুন’। এই পরিষেবার জন্য একটি নতুন টোলফ্রি নম্বরও চালু করা হবে। রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই নতুন নামটি স্থির করেছেন।

স্বাস্থ্য দফতর থেকে আলাদা হচ্ছে ‘আয়ুষ’

চিকিৎসা ক্ষেত্রে কেন্দ্রীয় সুযোগ-সুবিধাকে আরও ভালোভাবে কাজে লাগাতে এক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আয়ুষ দফতরকে স্বাস্থ্য দফতর থেকে আলাদা করে একজন যোগ্য অফিসারের হাতে তার দায়িত্ব দেওয়া হবে। বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় রাখা হবে।

অন্যান্য কর্মসূচি ও জনকল্যাণ শিবির

  • এক পেড় মা কে নাম: আগামী ৫ জুন কেন্দ্রীয় সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি রাজ্যেও পালন করা হবে। বন ও পরিবেশ দফতর থেকে বিধায়কদের গাছ দেওয়া হবে।

  • জনকল্যাণ শিবির: কেন্দ্রীয় সরকারের নির্দেশে আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যে ‘জনকল্যাণ শিবির’ অনুষ্ঠিত হবে, যেখানে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে সচেতন করা হবে।

  • বিশ্ব যোগ দিবস: আগামী ২১ জুন রাজ্যে ক্রীড়া বিভাগ ও আয়ুষ দফতরের যৌথ উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *