“পুষ্পা ঝুঁকেগা নেহি” বলেও শেষরক্ষা হল না, নেপাল সীমান্তে ধৃত জাহাঙ্গীর খান
কিউ ইন্ডিয়া বাংলা, উত্তর ২৪ পরগণা: – দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হলেন ফলতা-কাণ্ডে অভিযুক্ত জাহাঙ্গীর খান। এসটিএফ-এর জালে ধরা পড়লেন রাজ্য রাজনীতির আলোচিত এই মুখ। তাঁকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
এসটিএফ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে নেপাল সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকেই আটক করা হয় জাহাঙ্গীর খানকে। ফলতা-কাণ্ড ছাড়াও তাঁর বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা অভিযোগসহ একাধিক মামলায় তদন্ত চলছিল। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।
উল্লেখ্য, প্রকাশ্যে একাধিকবার আত্মবিশ্বাসের সঙ্গে “পুষ্পা ঝুঁকেগা নেহি” সংলাপ বলে শিরোনামে এসেছিলেন জাহাঙ্গীর। কিন্তু তদন্তের জাল গুটিয়ে আসতেই শেষ পর্যন্ত ধরা পড়লেন তিনি।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, কলকাতায় এনে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তকারীদের অনুমান, জেরায় ফলতা-কাণ্ড ও অন্যান্য মামলায় নতুন তথ্য উঠে আসতে পারে। তাঁর আর্থিক লেনদেন, যোগাযোগ এবং গা-ঢাকা দেওয়ার পেছনে কারা সাহায্য করেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
জাহাঙ্গীর খানের গ্রেফতারির খবরে রাজ্য রাজনীতিতে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। কলকাতায় এনে জিজ্ঞাসাবাদের পর এই মামলার মোড় কোন দিকে ঘোরে, সেদিকেই তাকিয়ে সব মহল।
