আজকের দিনেআবহাওয়া

আজ ঝড়-বৃষ্টির জোড়া দাপট! ঝোড়ো হাওয়ার সঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- গরমে নাজেহাল রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে জুনের শুরু। গত কয়েকদিনের অস্বস্তিকর আবহাওয়ার পর রবিবারের বৃষ্টি কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বেশকিছুএলাকায় তাপমাত্রা কিছুটা কমিয়েছে। সোমবারও সেই স্বস্তি বজায় থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই খোলা জায়গায় অবস্থান করা বা গাছের নিচে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

কলকাতার আকাশও আজ মেঘলা থাকার সম্ভাবনা প্রবল। সোমবার কলকাতার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানির সম্ভাবনাও রয়েছে। অফিসযাত্রী ও সাধারণ মানুষকে ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ যে কোনও সময় বৃষ্টি শুরু হতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভিজতে পারে একাধিক এলাকা ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস বা জল জমার মতো পরিস্থিতির ওপরও নজর রাখা হচ্ছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির এই প্রবণতা বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *